বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪১:২৫

নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়। কয়েক সপ্তাহ যাবত ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন সেই বার্তারই অংশ হিসেবে মনে করা হচ্ছে।

ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর প্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন তারা।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেবে এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে।

এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ঘোষণা দিয়েছিলেন, অ্যারোস্পেস ফোর্স সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কিছু সামরিক সক্ষমতা উন্মোচন করবে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

মোহেব্বি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখাপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি তাদের অর্জিত ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।

দেশীয় মহাকাশ প্রযুক্তি: নিজস্ব বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে মহাকাশ প্রযুক্তিতে স্থানীয় সক্ষমতা অর্জিত হয়েছে। ফলে ইরান এখন অস্ত্র আমদানিকারক দেশ থেকে উন্নত সামরিক সরঞ্জামের স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে উন্নীত হয়েছে।

ব্যাপক উৎপাদন ও রপ্তানি

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘শহীদ-১৩৬’ ড্রোন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে উৎপাদন করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ অনুকরণ করতে বাধ্য হয়েছে। এর পাশাপাশি ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

সামরিক আত্মনির্ভরশীলতা

বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে।

গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা

শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে।

শত্রুপক্ষের আকাশযান ধ্বংস

মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স একাই অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো অত্যাধুনিক ড্রোন রয়েছে।

নমনীয় যুদ্ধকালীন উৎপাদন

প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।

স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি

রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে এসব অস্ত্র আমেরিকার ‘থাড’ কিংবা ‘প্যাট্রিয়ট’ -এর মতো শক্তিশালী বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা

শত্রুর মূল সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামোয়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে, যা শত্রুপক্ষকে নতুন কোনো আগ্রাসনের আগে বারবার চিন্তা করতে বাধ্য করবে।

বিজ্ঞান ও শিল্পের সমন্বয়

দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।

ভবিষ্যতের চমকপ্রদ প্রযুক্তি

মোহেব্বি গোপন রাখা কিছু নতুন সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, শত্রুপক্ষ যদি ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সেসব নতুন প্রযুক্তি সামনে আনা হবে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে ইরানের নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন ওয়াশিংটন ও তেল আবিবের ওপর নতুন করে সামরিক ও কৌশলগত চাপ তৈরি করেছে।

ইরান বহু বছর ধরেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণকেন্দ্র গড়ে তুলছে। দেশটিতে এসব স্থাপনা ‘মিসাইল সিটি’ নামে পরিচিত। বিমান হামলা থেকে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম সুরক্ষিত রাখার কৌশলের অংশ হিসেবে এসব স্থাপনা তৈরি করেছে তেহরান।

এর আগে ইসরাইলের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিল এসব স্থাপনা। ২০২৫ সালের যুদ্ধে ইসরাইল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালায়।

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ওই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো মেরামত করছে ইরান। পাশাপাশি দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সেগুলো আড়াল করার নানা তৎপরতাও দেখা গেছে।

চলতি মাসের শুরুতে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক অভিযানের পর ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে ওয়াশিংটন। এমন খবরের মধ্যেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর ভেতরের ছবি প্রকাশ করল তেহরান।

এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আলোচনায় অগ্রগতির কারণে ইরানের ওপর বিমান হামলা সাময়িকভাবে স্থগিত রাখছেন তিনি। তবে প্রয়োজন হলে আবারও হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রাম্প বলেছেন, নতুন করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের ৩৮টি সেতুও রয়েছে। সূত্র: তাসনিম ও মেহের নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।