রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৩৭:২১

মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬

মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের পর অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার দেশটির রাজধানী জাকার্তার পার্শ্ববর্তী বানতেন প্রদেশের ফনুসা আগুং মুলিয়া কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।

উদ্ধারকর্মী কর্মকর্তা রিজকি দিউয়ান্তো বার্তা সংস্থা এপিকে জানান, কারখানার কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বিভিন্ন স্থানে পানি ছিটিয়ে তাপমাত্রা কমানোর কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি আরও জানান, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও কারখানার বিভিন্ন অংশে আগুন নেভাতে কাজ করছেন সেরাং জেলা ও বানতেন প্রদেশের দমকলকর্মীরা।

অগ্নিকাণ্ডের কারণ এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।