আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় শনিবার আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। যখন ভূমিকম্পে মাটি কাঁপছিল তখন লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল একটি প্লেন। ঠিক তখনই প্লেনটিকে অবতরণ না করে আবারও উড়ে যেতে নির্দেশনা দেওয়া হয়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও ও বিমানবন্দরে লাগানো একটি ক্যামেরায় ধরা পড়েছে এ মুহূর্তটি। এতে দেখা যাচ্ছে, ডেল্টা এয়ারলাইন্সের প্লেনটি রানওয়েতে নামার প্রস্তুতি নিচ্ছে। আর ওই সময় এয়ার কন্ট্রোল থেকে বলা হচ্ছে, “ডেল্টা ১৯৭২, অন্যদিকে যান, অন্যদিকে যান। আমাদের এখানে বড় ভূমিকম্প হচ্ছে।”
পাইলট নির্দেশনা মেনে অবতরণ চেষ্টা বাতিল করে প্লেনটি আবারও আকাশে উড়িয়ে নিয়ে যান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন উপকূলীয় সৈকত থেকে ছয় মাইল দূরে।
ভূমিকম্পের প্রভাবে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের বেশ কয়েকটি জানাল ভেঙে যায়। এছাড়া প্রচণ্ড ঝাঁকুনির কারণে বিমানবন্দরের ভেতর থাকা মানুষও আতঙ্কিত হয়ে পড়েন।
তবে ভূমিকম্পের কারণে প্লেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কেউ আহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। ভূমিকম্প যদি আরও শক্তিশালী হতো তাহলে সেখানে হয়ত বিমান চলাচল বন্ধ হয়ে যেত।