শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৭:০৫

সিভি লেখার সময় যেগুলো খেয়াল রাখবেন, যা যা থাকা আবশ্যক

সিভি লেখার সময় যেগুলো খেয়াল রাখবেন, যা যা থাকা আবশ্যক

এমটিনিউজ২৪জবস : চাকরির বাজার প্রতিনিয়ত প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। ভালো ফলাফল, ডিগ্রি কিংবা অভিজ্ঞতা থাকার পরও অনেক চাকরিপ্রার্থী একটি ভালো সিভির অভাবে পিছিয়ে পড়েন। একজন প্রার্থী কে, তিনি কী জানেন এবং কী করতে পারেন—এসব তথ্য নিয়োগদাতার কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম হলো সঠিকভাবে তৈরি ও পেশাদার সিভি।

সিভি তৈরির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছেন ‘করপোরেট আস্ক’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও পেশাদার সিভি লেখক নিয়াজ আহমেদ। তার পরামর্শ অনুযায়ী, একটি ভালো সিভি তৈরির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো জেনে নেওয়া যাক। 

সিভিতে যা যা থাকা আবশ্যক

ফ্রেশারস চাকরিপ্রার্থীদের অনেকেই একটি সাধারণ প্রশ্নের মুখোমুখি হন—‘আপনার কি কোনো অভিজ্ঞতা আছে?’ বিষয়টি অনেকের কাছেই বিব্রতকর মনে হতে পারে। তবে অভিজ্ঞতা মানেই শুধু ফুলটাইম চাকরি নয়। ইন্টার্নশিপ, খণ্ডকালীন কাজ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, ক্লাব বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকা কিংবা সিএসআর প্রোগ্রামে অংশগ্রহণও অভিজ্ঞতার অংশ হতে পারে।  

নিয়াজ আহমেদ বলেন, ‘সিভিতে কোনো রং, টেবিল, বক্স, শেপ বা অতিরিক্ত ডিজাইন ব্যবহার করা উচিত নয়। এটি দেখতে হবে প্রফেশনাল। অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য না দিয়ে কাজ, দক্ষতা ও অর্জনের ওপর জোর দিতে হবে।’ 

যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাদের সিভিতে অর্জনভিত্তিক বিবরণ দেওয়া জরুরি। আগের কর্মস্থলে তারা কীভাবে অবদান রেখেছেন, কোন সমস্যার সমাধান করেছেন কিংবা কতটা গ্রোথ অর্জিত হয়েছে—এসব বিষয় সংক্ষিপ্ত ও পরিমিতভাবে তুলে ধরতে হবে।

একটি ভালো সিভি সাধারণত দুই পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এটি হতে হবে সংক্ষিপ্ত, তথ্যবহুল ও প্রাসঙ্গিক। 

সিভি বাদ পড়ার সাধারণ কারণ

চমৎকার যোগ্যতা থাকার পরও অনেকের সিভি প্রাথমিক বাছাইয়েই বাদ পড়ে যায়। নিয়াজ আহমেদের মতে, এর পেছনে কিছু সাধারণ ভুল কাজ করে। যেমন—

কভার লেটার না থাকা
মেইলের সাবজেক্ট লাইনে কিছু না লেখা
ফোল্ডারের নাম ভুলভাবে দেওয়া
একই সিভি দিয়ে সব জায়গায় আবেদন করা
সার্কুলার ভালোভাবে না পড়ে আবেদন করা
বানান ও ব্যাকরণগত ভুল থাকা
অ্যাচিভমেন্ট ও স্কিল উল্লেখ না করা
সিভি অযথা দীর্ঘ করা
পুরোনো, দোকান থেকে বানানো সিভি ব্যবহার করা
ডিজাইনে অতিরিক্ত নজর দিয়ে কনটেন্ট উপেক্ষা করা
সিভি ফরম্যাট নয়, কনটেন্টই আসল

বর্তমানে সিভির ‘লুক’ বা ডিজাইনের চেয়ে এর কনটেন্ট বা উপস্থাপন বেশি গুরুত্বপূর্ণ। আপনি কোথায় কাজ করেছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি সেখানে কী করেছেন। 

সিভিতে স্পষ্টভাবে তুলে ধরতে হবে—

আগের প্রতিষ্ঠানে আপনার অবদানে কী কী উন্নতি হয়েছে
কোন সমস্যার সমাধান করেছেন
কতটুকু ব্যবসায়িক বা কার্যকর পরিবর্তন এসেছে
এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরলে সিভি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। প্রয়োজনে ‘initiated’, ‘led’, ‘achieved’, ‘developed’, ‘solved’, ‘managed’-এর মতো শক্তিশালী ও প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করা যেতে পারে। তবে ফাঁকা বুলি বা অহেতুক গ্ল্যামারার্স শব্দ এড়িয়ে চলতে হবে।

রেফারেন্স নিয়ে সতর্কতা 

ফ্রেশারসদের ক্ষেত্রে দুজন রেফারেন্স রাখা যেতে পারে। তাদের একজন হতে পারেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যজন কোনো সিনিয়র বা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি। তবে কাউকে রেফারেন্স হিসেবে উল্লেখ করার আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে।  

রেফারেন্সে যেসব তথ্য থাকা জরুরি, সেগুলো হলো—নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম, ই-মেইল ও ফোন নম্বর।

তবে দীর্ঘ সময় চাকরির অভিজ্ঞতা থাকলে রেফারেন্স না দিলেও চলে। কারণ তখন আপনার কাজই আপনার সবচেয়ে বড় রেফারেন্স। 

সিভি লেখার সময় যেগুলো খেয়াল রাখবেন

কপি-পেস্ট নয়: অন্যের সিভি দেখে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে। তবে সিভি নিজের তথ্য ও নিজের ভাষায় লিখতে হবে।

ভুল তথ্য নয়: সিভিতে দেওয়া যেকোনো তথ্য যাচাইযোগ্য হতে হবে। ভুল বা অতিরঞ্জিত তথ্য পরবর্তী সময়ে বিপদে ফেলতে পারে।

ভুল বানান বা গঠন নয়: সিভি ইংরেজিতে হলে গ্রামার ও বানান ঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে স্পেল চেকার ব্যবহার করা যেতে পারে।

পজিশন অনুযায়ী কাস্টমাইজ: প্রতিটি আবেদনপত্রের জন্য সিভির ‘অবজেকটিভ’, ‘স্কিলস’ ও কি-ওয়ার্ড সামান্য পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। 

প্রয়োজনে পেশাদার সহায়তা: নিজে সিভি গুছিয়ে লিখতে না পারলে পেশাদার সিভি লেখকের সাহায্য নেওয়া যেতে পারে।

চাকরির বাজারে আপনি নিজে পৌঁছানোর আগেই পৌঁছে যায় আপনার সিভি। তাই সিভি এমন হওয়া উচিত, যা আপনার হয়ে কথা বলবে এবং আপনাকে একজন আত্মবিশ্বাসী, দক্ষ ও প্রফেশনাল কর্মী হিসেবে তুলে ধরবে। শুধু তথ্য দিয়ে সিভি ভরাট না করে প্রাসঙ্গিক, সাবলীল ও প্রভাবসঞ্চারী উপস্থাপনকেই এর মূল শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে