বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩১:২৯

‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে

‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে

এমটিনিউজ২৪জবস : নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে ‘স্কুল এইড’ পদে নিয়োগ চলছে। এর মধ্যে কিছু পদে আবেদন করতে উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি প্রয়োজন নেই।

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের চাকরির তালিকায় ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডের বিভিন্ন স্কুলে একাধিক স্কুল এইড পদের বিজ্ঞপ্তি রয়েছে। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত তালিকাতেও এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা গেছে।

সম্প্রতি সিএসবি নিউজের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। তবে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করে দেখা গেছে, অন্তত কয়েকটি স্কুল এইড পদের ক্ষেত্রে আবেদনকারীর উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।

এর মধ্যে ইস্ট ব্রঙ্কস একাডেমি ফর দ্য ফিউচারের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই পদের জন্য উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি প্রয়োজন নেই।

কী কাজ করতে হবে

স্কুল এইডদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের দৈনন্দিন স্কুল কার্যক্রমে সহায়তা করা। হলওয়ে, পড়ার কক্ষ, খাবারের কক্ষসহ স্কুলের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের তদারকি করতে হতে পারে।

এছাড়া শিক্ষার্থীদের স্কুলে আসা ও ছুটির সময় সহায়তা, স্কুলবাসে আসা শিক্ষার্থীদের দেখভাল এবং খাবার পরিবেশনে সহযোগিতা করতে হয়। পাঠ্যবই ও শিক্ষা উপকরণ বিতরণ, মজুতের হিসাব রাখা এবং কিছু সাধারণ দাপ্তরিক কাজও দায়িত্বের মধ্যে থাকতে পারে।

যেসব যোগ্যতা প্রয়োজন

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতার ভালো রেকর্ড থাকতে হবে। দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ১০ পাউন্ড বা প্রায় সাড়ে ৪ কেজি ওজনের জিনিস তুলতে হতে পারে।

শিক্ষার্থীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হতে পারে। আবার শিক্ষার্থীদের ভাষাগত প্রয়োজন অনুযায়ী কোনো কোনো স্কুলে দুই ভাষায় দক্ষ প্রার্থীদেরও বিবেচনা করা হতে পারে।

কাজের সময় ও বেতন

কাজের সময় স্কুলভেদে আলাদা হতে পারে। ইস্ট ব্রঙ্কস একাডেমির বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার কাজ করতে হবে এবং প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা কাজের সুযোগ রয়েছে।

বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট যৌথ দরকষাকষি চুক্তি অনুযায়ী। তবে এসব পদ চূড়ান্ত বাজেট অনুমোদনের ওপর নির্ভরশীল।

নিয়োগ প্রক্রিয়ায় আঙুলের ছাপ নেওয়া এবং প্রার্থীর অতীত তথ্য যাচাই করা হবে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ নির্দিষ্ট শেষ তারিখ না থাকলেও পদ পূরণ হয়ে গেলে আবেদন বন্ধ হয়ে যেতে পারে।

আবেদন করার আগে যা দেখবেন

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের বর্তমান চাকরির তালিকায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাধিক স্কুল এইড পদ রয়েছে। ব্রঙ্কস ও কুইন্সের বিভিন্ন স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানে এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কুল এইডকে আলাদা চাকরির শ্রেণি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য এ ধরনের চাকরিতে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট স্কুলের যোগ্যতা ও আবেদন পদ্ধতি ভালোভাবে যাচাই করা। উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি না থাকলেও কোনো কোনো স্কুল এইড পদে আবেদন করা গেলেও সব স্কুলের শর্ত এক নয়।

তাই জীবনবৃত্তান্ত পাঠানোর আগে সংশ্লিষ্ট স্কুলের সর্বশেষ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা, কর্মঘণ্টা, আবেদন পদ্ধতি এবং পদটি এখনও খালি আছে কি না নিশ্চিত হওয়ার পর আবেদন করা উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে