এক্সক্লুসিভ ডেস্ক : চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে। একই সঙ্গে বদলে যাচ্ছে নিয়োগদাতাদের চাহিদা। শুধু শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা নয়, কর্মীর বাস্তব দক্ষতাকেও এখন বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নেতৃত্ব, যোগাযোগ, ব্যবসা সম্প্রসারণ ও ঝুঁকি ব্যবস্থাপনার মতো দক্ষতার চাহিদা বাড়ছে।
পেশাজীবীদের জন্য বিশ্বের দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা দক্ষতার তালিকা প্রকাশ করেছে পেশাগত যোগাযোগের প্ল্যাটফর্ম লিংকডইন। ‘স্কিলস অন দ্য রাইজ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে ১২টি দেশের চাকরির বাজার বিশ্লেষণ করে এসব দক্ষতার প্রবণতা তুলে ধরা হয়েছে।
১. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিগত দক্ষতা
চাকরির বাজারে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), এআই মডেল তৈরি ও পরিচালনা এবং এআইভিত্তিক কাজের কৌশল শেখার গুরুত্ব বাড়ছে। শুধু প্রযুক্তি খাত নয়, ব্যবসা, বিপণন ও বিভিন্ন পেশায় এআই ব্যবহারের দক্ষতাও প্রয়োজনীয় হয়ে উঠছে।
২. নেতৃত্ব ও দল পরিচালনা
প্রতিষ্ঠানগুলো এমন কর্মী খুঁজছে, যারা শুধু নিজের দায়িত্ব পালন করবেন না, বরং একটি দলকে পরিচালনা ও কাজের সমন্বয় করতে পারবেন। দল পরিচালনা, কর্মীদের প্রশিক্ষণ, পরামর্শ দেওয়া এবং বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করার দক্ষতা বাড়তি গুরুত্ব পাচ্ছে।
৩. যোগাযোগ ও উপস্থাপনার দক্ষতা
কাজের ক্ষেত্রে স্পষ্টভাবে কথা বলা, সভায় নিজের বক্তব্য তুলে ধরা, জনসমক্ষে উপস্থাপনা এবং প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দক্ষতা প্রয়োজনীয় হয়ে উঠছে। প্রযুক্তির ব্যবহার বাড়লেও মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগের গুরুত্ব কমছে না।
৪. ব্যবসা উন্নয়ন ও আয় বাড়ানোর কৌশল
প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানগুলো নতুন গ্রাহক ও বাজার খুঁজছে। তাই ব্যবসা উন্নয়ন, নতুন পণ্য বা সেবা বাজারজাত করার কৌশল, বিক্রয় বৃদ্ধি এবং নতুন বাজারে প্রবেশের পরিকল্পনা তৈরির দক্ষতার চাহিদা বাড়ছে।
৫. ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়মনীতি মেনে চলা
প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশে অনিশ্চয়তা বাড়ায় ঝুঁকি চিহ্নিত ও নিয়ন্ত্রণের দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রতিষ্ঠানের নীতিমালা, আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে কাজ করার দক্ষতাও নিয়োগদাতাদের কাছে গুরুত্ব পাচ্ছে।
৬. বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করা
একটি প্রতিষ্ঠানে একাধিক বিভাগের কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রয়োজন বাড়ছে। সমস্যা সমাধান, যৌথ সিদ্ধান্ত নেওয়া এবং একাধিক দলের মধ্যে যোগাযোগ বজায় রাখার দক্ষতা কর্মীদের এগিয়ে রাখছে।
লিংকডইন জানিয়েছে, ২০২৬ সালের দক্ষতার তালিকা তৈরিতে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। কর্মীরা নিজেদের প্রোফাইলে কোন দক্ষতা যুক্ত করছেন এবং এসব দক্ষতাসম্পন্ন কর্মীরা কতটা নিয়োগ পাচ্ছেন, তা বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিয়োগদাতারা এখন শুধু ডিগ্রি বা চাকরির পদবি নয়, একজন কর্মী বাস্তবে কী করতে পারেন, সেটিও বেশি গুরুত্ব দিয়ে দেখছেন। তাই চাকরির বাজারে টিকে থাকতে নিয়মিত নতুন দক্ষতা অর্জন ও পুরোনো দক্ষতা হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: লিংকডইন