বিনোদন ডেস্ক: দু’রাত জেলে কাটিয়ে সদ্য জামিন পেয়েছেন সালমান খান। নায়ক অবশ্য বার বারই দাবি করেছেন, তিনি নির্দোষ। এরই মাঝে উঠে এলো এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি। কুড়ি বছর আগের সেই ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির দাবি, সালমান খানই গুলি করে হত্যা করেছিল কৃষ্ণসার হরিণটিকে। কিন্তু এই কাজে তাঁকে প্ররোচনা দিয়েছিলেন এক নায়িকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান ওই ব্যক্তি।
হাম সাথ সাথ হে’ ছবির শ্যুটিং চলাকালীন রাজস্থানের জোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খান-সহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে। এই মামলায় সম্প্রতি সালমান খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা শোনায় আদালত। পাশাপাশি এই মামলায় বেকসুর খালাস করে দেওয়া হয় অভিনেতা সেফ আলি খান, তাব্বু, নীলম, সোনালী বেন্দ্রেকে।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই প্রত্যক্ষদর্শী দাবি করেন, অভিনেত্রী তাব্বুই নাকি বলিউডের ভাইজানকে হরিণ শিকার করার জন্য তাতিয়েছিলেন। স্বাভাবিক ভাবে এই প্রত্যক্ষদর্শীর এমন মন্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।
এমটি নিউজ/এপি/ডিসি