বিনোদন ডেস্ক: ভারতের মেয়েদের সবার আগে বাঁচিয়ে রাখতে হবে। তবেই সফল হবে সরকারের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' অভিযান। এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বললেন বলিউড অভিনেত্রী শাবানা আজ়মি। গতকাল রাতের সেই অনুষ্ঠানে শাবানা ছাড়াও ছিলেন জিতেন্দ্র, অমিত সাধ, ভূমি পেডনেকর, হুমা কুরেশি ও অনুপ জালোটার মতো শিল্পীরা।
কাঠুয়া গণধর্ষণকাণ্ডের প্রতিবাদ করে শাবানা বলেন, একই সময়ে আমাদের দেশ এক এক শতকে বাস করছে। আমরা আঠারো, উনিশ, বিশ ও একবিংশ শতকে রয়েছি একই সময়ে। আর দেশের মহিলাদের সঙ্গে যা হচ্ছে, তার ফলে এটা স্পষ্ট হয়ে উঠছে।
তিনি বলেন,আমাদের মেয়েরা নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছে। নেতা বা শাসকের আসনেও বসেছে। কিন্তু, অন্যদিকে এমন সব খবর পড়তে বা শুনতে হচ্ছে যে, আমি ভাষা হারিয়ে ফেলেছি। সবাইকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে হবে। এমন ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। আমরা 'বেটি বাঁচাও, বেটি পড়াও” নিয়ে কথা বলি। কিন্তু, তার আগে দেশের মেয়েদের তো বাঁচিয়ে রাখতে হবে।'
এমটি নিউজ/এপি/ডিসি