বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮, ০৪:১৭:৩৪

জাজের সিনেমায় নায়িকা বাঁধনের অন্যরকম এক অভিষেক

জাজের সিনেমায় নায়িকা বাঁধনের অন্যরকম এক অভিষেক

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে আলোচিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজ ইতোমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানটি বেশকিছু ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। রুপালি জগতে এই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে নাম লিখিয়েছেন বাপ্পি, মাহি, নুসরাত ফারিয়া, রোশান, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ অনেকে।

জাজের সিনেমায় কাজের সুযোগ মানেই যেন তারকা বনে যাওয়ার মতো। কারণ জাজের মাধ্যমে চলচ্চিত্রে আসা অধিকাংশ শিল্পীই এখন চলচ্চিত্রে প্রতিষ্ঠিত। স্বাভাবিক কারণেই শিল্পীদের এ প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করার আগ্রহ একটু বেশিই।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ‘দহন’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এই সিনেমায় সিয়াম-পূজার সঙ্গে একজন নায়িকা অভিনয় করবেন বলেও জানানো হয় এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তবে কে অভিনয় করবেন তা জানাতে রাজি হননি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তবে কে হবেন জাজের ঘরের নতুন মুখ? এমন প্রশ্ন রেখে এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজে সঠিক উত্তর দাতাকে দেয়া হবে দশ হাজার টাকা। এরই মধ্যে এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় তিশা, মেহজাবিন ও বাঁধনের নাম উঠে এসেছে।

তবে কে হবেন জাজের নতুন নায়িকা? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কথা হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট একজনের সঙ্গে। তিনি জানান, ‘দহন’ সিনেমার নায়িকা আজমেরি হক বাঁধন। বাঁধনকেই এই সিনেমার জন্য চূড়ান্ত করা হয়েছে। সূত্রটি আরও জানান, বাঁধন এই সিনেমায় কাজ করার জন্য কিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছেন।

এ বিষয়ে বাঁধনের কাছে জানতে চাইলে বিষয়টি অস্বীকার করলেও একদম উড়িয়ে দেননি এই নায়িকা। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘‘আমি এখনো ‘দহন’ সিনেমায় সাইন করিনি। সাইন করলে সবাই বিষয়টি জানতে পারবেন।’’

‘দহন’ সিনেমাটি নির্মাণ করছেন নবাগত নির্মাতা রায়হান রাফি। সিনেমাটিতে আরো অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও। এর আগে রায়হান রাফি ‘পোড়ামন-টু’ নির্মাণ করেছেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে