বিনোদন ডেস্ক; ‘সিনেমায় অভিনয় করছি কিনা, সেটা এখনই বলতে চাচ্ছি না। তবে জীবন যুদ্ধে হারতে চাই না। কারণ আমি হেরে গেলে বাংলাদেশের সব মেয়ে হেরে যাবে। আমার মতো এমন অনেক মেয়ে আছে, যাদের জীবনে আমার মতো ঝড় বয়ে গেছে’।
খুব আত্মবিশ্বাস নিয়ে এভাবেই কথাগুলো বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত কয়েক মাসে তিনি নিজের মধ্যে অবিশ্বাস্য পরিবর্তন এনে তাক লাগিয়ে দিয়েছেন গোটা শোবিজ মহলে। ছ’মাস আগের বাঁধন আর এখনকার বাঁধনের মধ্যে যেন আকাশ-পাতাল তফাৎ। এর মূলে একটাই রহস্য, তার কঠোর পরিশ্রম ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে অক্লান্ত চেষ্টা।
বেশ কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধনের কিছু স্থিরচিত্র নিয়ে আলোচনা হচ্ছে। নায়িকাসুলভ অবয়বে দেখা দিয়ে যেন বিশেষ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। সম্প্রতি সেই গুঞ্জনের মাত্রা তীব্র হয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা হচ্ছেন বাঁধন। তাদের আগামী ছবি ‘দহন’-এ তরুণ অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে বাঁধনকে দেখা যাবে বলে জোরালো গুঞ্জন।
বিষয়টার সত্যতা কতটুকু? এমন প্রশ্ন করা হলে বাঁধন বাংলাদেশ জার্নালকে বলেন, আমি কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। তবে হ্যাঁ, সিনেমায় অভিনয়ের জন্য বেশ কিছু প্রস্তাব পেয়েছি। কাজ করলে সময়মতো সবই জানতে পারবেন।
বাঁধন জানান, সিনেমায় অভিনয়ের জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন। এরই মধ্যে শরীর থেকে ঝরিয়েছেন প্রায় ১৮ কেজি ওজন। নিয়মিত জিম করা, ডায়েট করাসহ নিজেকে নতুনভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না তিনি। বাঁধনের মতে, আমি কোনো বিশেষ প্রতিভার অধিকারী নই। অন্যদের মতো সাধারণ একজন মানুষ। কিন্তু চেষ্টা করে যে নিজের অবস্থান পরিবর্তন করা যায়, সেটাই করছি। যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। আমি যদি নিজেকে বদলে ফেলে ঘুরে দাঁড়াতে পারি, তাহলে সব মেয়েই পারবে।
জাজের ‘দহন’ ছবিতে বাঁধন অভিনয় করছেন কিনা, সেটা নিশ্চিতভাবে জানা যাবে আগামী ২১ এপ্রিল। সেদিন জাজের পক্ষ থেকেই ঘোষণা করা হবে তাদের নতুন নায়িকার নাম। তাই আপাতত দু’দিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই ভক্তদের।
তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘দহন’ ছবিতে সিয়ামের সঙ্গে আছেন পূজা চেরি। তাদের সঙ্গেই যুক্ত হবেন নতুন নায়িকা। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হবে ‘দহন’। আগামী ১০ মে থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স তারকা হিসেবে শোবিজে আত্মপ্রকাশ করেন বাঁধন। দীর্ঘ এক যুগের পথচলায় তিনি ছোট পর্দায় সাফল্যের সঙ্গে কাজ করেছেন। ২০১০ সালে ‘নিঝুম অরণ্য’ নামের একটি ছবিতেও অভিনয় করেন বাঁধন। তবে একই বছর বিয়ে করে অভিনয় থেকে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন তিনি। তারপর একমাত্র সায়রাকে সময় দেয়ার জন্যও নিজের কাজ কমিয়ে দেন বাঁধন। গত বছর বিচ্ছেদ ও ব্যক্তিগত কিছু জটিলতার কারণে বেশ কঠিন একটা সময় পার করতে হয় তাকে। তবে সেই দুঃসময় কাটিয়ে বাঁধন আবারো নিজের আলোয় জ্বলে উঠেছেন। এখন কেবল আলোক শিখা হয়ে দ্যুতি ছড়ানোর পালা।
এমটি নিউজ/এপি/ডিসি