বিনোদন ডেস্ক: অনন্ত জলিলের চলচ্চিত্রে বিচরণটা ছিলো কিছুটা এমন। এফডিসিতে এলেন অনন্ত জলিল। এলাম, দেখলাম, জয় করলাম। তবে জয় করার আগেই এ অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিলেন অনন্ত। এমনকি বিদায় নেওয়ার ঘোষণাও দিয়েছেন। নিজেকে যুক্ত করে নিলেন ধর্মীয় দাওয়াতে।
এদিকে অনন্ত জলিল নিজেকে সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রেখেছেন। যার প্রমাণ দুই বাসের রেষারেষিতে প্রথমে হাত পরে প্রাণ হারানো রাজীব হোসেনের দুই অসহায় ভাইয়ের পাশে দাঁড়ানোর মাধ্যমে। অনন্তের এমন মানবিকতায় মুগ্ধ সকলে।
তবে এমন ঘটনার তিন দিনের মাথায় আজ (২০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আরেকটি নতুন খবর জানালেন তিনি। বললেন, ‘অনেকদিন এফডিসিতে যাওয়া হয় না, তবে এবার যাচ্ছি।’
জানান, কাল ২১ এপ্রিল বেলা ৩টার দিকে তিনি লম্বা বিরতির পর আবার এফডিসিতে যাচ্ছেন। তবে সেটি কোনও চলচ্চিত্রের কাজে নয়। এবার যাচ্ছেন একদল দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীর টানে।
অনন্ত জলিল মজা করেই বলেন, ‘আমার এফডিসিতে যাত্রার কথা শুনে আশাকরি শঙ্কিত হবেন না। ২১ এপ্রিল দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দেখতেই আমি আবারও এফডিসিতে যাবো। এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় ডিবেট ফর ডেমোক্রেসি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা।’
নিজের ও অন্যদের সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে অনন্ত বলেন, ‘সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমি দাঁড়াতে চাই, তাদের সহযোগিতার পাশাপাশি উৎসাহ দিতে চাই। তবে আমার মতো গুটি-কয়েকজন তাদের পাশে দাঁড়ালে হবে না, সামর্থ্যবান সকলকেই এগিয়ে আসতে হবে। এতে করে তারা যেমন এগিয়ে যাবে, পাশাপাশি আমাদের সোনার বাংলাদেশটিও এগিয়ে যাবে।’
দৃষ্টি-প্রতিবন্ধীদের নিয়ে এমন ভিন্ন ধারার জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, ২১ এপ্রিল বেলা ৩টায় উদ্বোধন হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতার। আর এই আসরেই প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন নায়ক-প্রযোজক ও ধর্ম প্রচারক অনন্ত জলিল।
আর এই বিতর্ক প্রতিযোগিতার সবগুলো পর্ব ধারাবাহিকভাবে সম্প্রচার হবে এটিএন বাংলায়। প্রসঙ্গত, অনন্ত জলিলের সর্বশেষ ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’। এটি মুক্তি পেয়েছে ২০১৪ সালে। এরপর আরও দুটি ছবি নির্মাণে ঘোষণা দিলেও সেটি স্থগিত রয়েছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর