বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮, ১১:১১:৫৯

‘উপরে থুতু ছিটালে নিজের গায়েই পড়ে’

‘উপরে থুতু ছিটালে নিজের গায়েই পড়ে’

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন শাকিব খান। অনবদ্য অভিনয় এবং কথাবার্তা দিয়ে অর্জন করেছেন লাখো দর্শকের ভালোবাসা। একের পর এক নতুন নতুন ছবিতে ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে নজর কাড়ছেন ভক্তদের। এ নায়কই বাংলা ছবির হাল ধরে রেখেছেন বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা। অনেক নন্দিত অভিনেতাও বাংলা ছবিতে শাকিবের অবদানের প্রশংসা করেছেন।এ নায়ক এখন দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। দেশিয় সিনেমার পাশাপাশি

কলকাতার সিনেমা কিংবা যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শাকিবের নতুন ছবি চালবাজ মুক্তি পেয়েছে কলকাতায়। পহেলা বৈশাখে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানান জটিলতায় সেটি সম্ভব হয়নি। অবশেষে ছবিটি মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। সাফটা চুক্তির আওতায় ২৭ এপ্রিল দেশের প্রায় ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এ ছবি মুক্তির আগে দেশের একটি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়েছেন ঢালিউডের শীর্ষ এ নায়ক।

সব বাধা পেরিয়ে মুক্তি পাচ্ছে চালবাজ। বিষয়টিকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ভালো সিনেমা কিংবা বড় বাজেটের সিনেমা, যেকোনো ফেস্টিভ্যালে রিলিজ দেওয়া উচিৎ। সে সময় দর্শকদের আগ্রহ বেশি থাকে। পহেলা বৈশাখে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যেভাবে সবাই লিখেছে, তারা ‘চালবাজ’দেখতে চায়। অনেকে এমনও লিখেছে, ‘তাদের পহেলা বৈশাখের আনন্দটাই মাটি হয়ে গেল। ’ বড় বড় ইন্ডাস্ট্রিতে কী হয়, বড় কোনো ফেস্টিভ্যালকে সামনে রেখে তারা সিনেমা মুক্তি দেয়। কিন্তু আমাদের এখানে ছবি মুক্তিকে কেন্দ্র করে যা ঘটে, সেটা আসলেই দুঃখজনক।

অনেকেই চাননি বৈশাখে ছবিটি বাংলাদেশে মুক্তি পাক। এ নিয়ে কী বলবেন? উত্তরে শাকিব বলেন, এ নিয়ে আসলে কী বলব, উপরে যদি থুতু ছিটানো হয়, তাহলে তো নিজের গায়েই পড়ে। আমি কার বিরুদ্ধেই বা বলতে যাব? আমার মনে হয়, যারা এমনটা করেছে, তাদের ইন্ডাস্ট্রির বিষয়গুলো বিবেচনা করে কাজ করা উচিত ছিল। ‘চালবাজ’ পহেলা বৈশাখে মুক্তি পাবে না, সমস্যা নাই। তার কিছুদিন পরে মুক্তি পাক। তাতেও কিছু যায় আসে না।

মাঝে যে নোংরামিগুলো-ছবিটা এক মাসেও নাকি মুক্তি দেওয়া যাবে না, আর কত কী! আমাদের এখানকার বাজে মানসিকতার কিছু লোক বিষয়টা ওইভাবেই ভাবে। একটা ভালো সিনেমা রিলিজ করতে হলে যুদ্ধ করতে হয়। পেশী শক্তি দেখাতে হয়।

ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে এ তারকা বলেন, এত বছরের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রির এমন বাজে অবস্থা আগে কখনো দেখিনি। অনেক উত্থান-পতন গেছে, তারপরও না। এদের উদ্দেশ্য কিংবা আদর্শ যে কী, আমি নিজেও বুঝি না। কিছু অর্কমণ্যের ঢেঁকি আছে, যারা পারলে শাকিব খানকেই মেরে ফেলত।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে