বিনোদন ডেস্ক: সুপারস্টার শাকিব খানের নায়িকা হওয়ার স্বপ্ন সিংহভাগ অভিনেত্রীর মনেই থাকে। বিশেষ করে উঠতি নায়িকারা নিজেদের ক্যারিয়ার শুরু করতে চান এই কিং খানের সঙ্গে। কারণ শাকিবের সঙ্গে কাজ মানেই আলোচনার তুঙ্গে আসা। বলা হয়ে থাকে শাকিবের সঙ্গে অভিষেক মানে রাজকীয় অভিষেক।
তাইতো রূপালি পর্দায় নাম লেখাতে চাওয়া অভিনেত্রীরা স্বপ্ন দেখেন শাকিবের নায়িকা হওয়ার। তেমনই ইচ্ছা পোষণ করলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী সাদিয়া নাবিলা। যিনি এরই মধ্যে বলিউডের ছবিতে কাজ করেছেন।
চলতি বছরের মার্চে সাদিয়ার বলিউডে অভিষেক হয়েছে। ‘পেরেশান পারিন্দা’ নামের একটি ছবিতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। ঢালিউডে কাজের আগেই তিনি মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়েছেন। ফলে তার শুরুটা নিঃসন্দেহে ঈর্ষণীয়।
তবে বাংলাদেশের ছবিতেও কাজ করতে আগ্রহী সাদিয়া। একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে তিনি বলেন, যদি সুযোগ পাই, জাজ মাল্টিমিডিয়ার ছবিতে কাজ করতে চাই। আর নায়ক হিসেবে শাকিব খান হলে খুব ভালো হয়। আরিফিন শুভকেও ভালো লাগে। তার সঙ্গেও কাজ করতে আগ্রহী।
গত বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড-২০১৭’ প্রতিযোগিতায় অংশ নেন সাদিয়া নাবিলা। জি টিভি অস্ট্রেলিয়ার আয়োজিত এই প্রতিযোগিতায় তিনি প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এই আয়োজনে সাদিয়া বলিউড তারকা জন অ্যাব্রাহামের সঙ্গে পারফর্ম করার সুযোগ পান।
সাদিয়া নাবিলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তবে ইন্টারমিডিয়েট শেষ করেই তিনি পরিবারের ইচ্ছাতে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানে গ্র্যাজুয়েশন শেষ করে তিনি গত বছরের নভেম্বরে দেশে ফেরেন। এরপর কিছু বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করেন। সাদিয়ার মতে, বলিউডে কাজ করা তার জন্য একটি অন্যরকম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা তিনি নিজের দেশের চলচ্চিত্রে কাজে লাগাতে চান। আর ভালো সুযোগ পেলে তিনি ঢালিউডেই নিজের ক্যারিয়ার গড়তে চান।
এমটি নিউজ/এপি/ডিসি