বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির জনপ্রিয় তারকা শাকিব খান। পাশাপাশি কলকাতার সিনেপ্রেমীদের মনেও বেশ জায়গা করে নিয়েছেন এই সুপারস্টার। একদিনে এমন খ্যাতি পাননি তিনি, যার জন্য করতে হয়েছে অনেক সাধনা। ‘অনন্ত ভালোবাসা’ তার প্রথম ছবি। যা দিয়ে ১৯৯৯ সালে রূপালি জগতে প্রবেশ করেন।
ছবিটিতে তেমন ঝলক দেখাতে না পারলেও পরিচালকের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন। যার ফল স্বরূপ পরের বছরই তাঁর ৭টি ছবি মুক্তি পায়। সেই শুরু থেকে এখন পর্যন্ত ১৮০টি ছবি উপহার দিয়েছেন ‘নাম্বার ওয়ান’ খ্যাত শাকিব খান।
ছবিগুলোর মধ্য হতে সেরা ৫টি ব্যবসাসফল সিনেমার কথা তুলে ধরা হলো গো নিউজ পাঠকদের জন্য:-
কোটি টাকার কাবিন
২০০৬ সালে মুক্তি পায় ‘কোটি টাকার কাবিন’ ছবিটি। এই ছবির মাধ্যমে মূলত শাকিব খানের পরিচিতি ছড়িয়ে যেতে থাকে। এমনকি সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের প্রথম ছবি এটি। ‘কোটি টাকার কাবিন’ ছবিটি পরিচালনা করেন এফ আই মানিক। ছবিটির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের দর্শকেরা শাকিব-অপু নামক এক নতুন জুটির সন্ধান পায়। বক্স অফিসে ছবিটি প্রায় ৫ কোটি টাকা আয় করে।
নবাব
ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার দ্বিতীয় ছবি ‘নবাব’। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘নবাব’ ছবিটি মুক্তি পায় ২০১৭ সালের ২৬ জুন। মুক্তির সঙ্গে সঙ্গেই ছবিটিতে শকিব খানের লুক ব্যাপক আলোচিত হয়। এছাড়া ছবির গানগুলোও বেশ শ্রোতাপ্রিয়তা লাভ করে। অ্যাকশন, কমেডি ও রোমান্সে ভরপুর ছবিটি বক্স অফিসে ৯ কোটি ১০ লাখ টাকা আয় করে।
শিকারী
শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ মুক্তি পায় ২০১৬ সালের ৭ জুলাই। কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে প্রথম বারের মত অভিনয় করেন শাকিব। এই ছবিতেও শাকিব পর্দায় তাঁর লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। বেশ সফলও হন তিনি। যার ফলে বক্সঅফিসে ছবিটি ব্লকবাস্টার তকমা লাভ করে। জয়দীপ মুখার্জির পরিচালনায় ছবিটি ৫ কোটি ৫৫ লাখ টাকা আয় করে।
প্রিয়া আমার প্রিয়া
২০০৮ সালের ২৪ জুলাই মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়া আমার প্রিয়া’। বদিউল আলম খোকনের পরিচালনায় এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন অভিনেত্রী সাহারা। রোম্যান্টিক, অ্যাকশন ও কমেডি নির্ভর এ ছবির গানগুলো বেশ শ্রোতাপ্রিয় হয়। ছবিটি ৫ কোটি টাকা ব্যবসা করে ব্লকবাস্টার ছবির তকমা লাভ করতে সক্ষম হয়।
নাম্বার ওয়ান শাকিব খান
অসংখ্য ছবিতে জুটি বেঁধে অভিনয় করা শাকিব-অপুর ব্লকবাস্টার ছবি ‘নাম্বার ওয়ান শাকিব খান’। ছবিটি ২০১০ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পায়। ঐ বছরের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি হিসেবে রেকর্ড গড়ে ছবিটি। সে সময় ছবিটি প্রায় তিন কোটি টাকা ব্যবসা করতে সক্ষম হয়।
উল্লেখ্য ২০০৬ সালে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘চাচ্চু’ ছবিটিও সেরা পাঁচে থাকার মত আলোচিত ছবি ছিল। তবে সেরা পাঁচের তালিকায় শাকিবের রোম্যান্টিক, অ্যাকশন ও কমেডি নির্ভর ছবিগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে সেরা পাঁচে চাচ্চু ছবিটির জায়গা হয়নি।
এমটি নিউজ/এপি/ডিসি