বিনোদন ডেস্ক: ‘সাত ভাই চম্পা’-য় ইদানীং খুব একটা দেখা যায় না সেই ছয়রানিকে যাদের নিয়ে শুরু হয়েছিল গল্প। ধারাবাহিকের সেটাই রীতি। একই ট্র্যাকে তো আর গল্প দাঁড়িয়ে থাকতে পারে না। তাই রানিরা ইদানীং সবাই অন্যান্য কাজে ব্যস্ত হয়েছেন। কেউ ছবি করছেন, কেউ বা এই ফাঁকে একটু বেড়িয়ে নিচ্ছেন। রানি ললন্তিকা অর্থাৎ লিজা গোস্বামী এই মুহূর্তে মহাব্যস্ত ‘সুলতান’-এর শ্যুটিং নিয়ে।
‘সুলতান’— সুপারস্টার জিৎ-এর এবছরের ইদ-উপহার। সুরিন্দর ফিল্মস ও জিৎস ফিল্মওয়র্কস প্রযোজিত এই ছবির পরিচালক রাজা চন্দ। শ্যুটিং চলছে পুরোদমে। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লিজা। এবেলা ওয়েবসাইটকে খবরটা দিলেন তিনি, সঙ্গে জানালেন তাঁর শ্যুটিং-অভিজ্ঞতা। আর তখনই জানা গেল মজার বিষয়টা। মিষ্টি হাসির এই অভিনেত্রীকে শ্যুটিংয়ে ‘গজা’ বলে ডাকেন জিৎ।
‘‘মুভি আমি করেছি আগে কিন্তু এটা আমার কাছে বড় একটা ব্রেক যে ডিরেক্টর রাজা চন্দের সঙ্গে কাজ করছি বা জিৎদার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি। প্রথম দিন শ্যুটিংয়ের আগের রাতে আমি খুব নার্ভাস ছিলাম যে জিৎদার সামনে কীভাবে সংলাপ বলব’’, বললেন লিজা, ‘‘কিন্তু জিৎদা এত ভাল মানুষ যে কী বলব। জিৎদা আমাকে প্রচণ্ড হেল্প করছে, প্রচণ্ড সাপোর্ট করছে। আমরা খুব মজা করে কাজটা করছি। জিৎদা খুব পিছনে লাগে আমার। আমাকে গজা বলে ডাকে। আবার খুব টেক কেয়ার করে। আমি প্রথমদিন শ্যুটিং করতে করতে খুব হাই তুলছিলাম। জিৎদা বললেন যে ওকে কফি দে। এই রকম আর কী।
এই ছবিতে লিজার চরিত্রের নাম শর্মি। বাংলা নতুন বছর পড়তেই এমন একটা মনের মতো কাজ পেয়ে যাবেন তা ভাবতে পারেননি লিজা। বললেন, ‘‘ভগবানকে থ্যাঙ্ক ইউ জানাতে চাই, সুরিন্দর ফিল্মস ও জিৎস ফিল্মওয়র্কসকেও। এখন আমি ইদের অপেক্ষায় রয়েছি। সব দর্শককে অনুরোধ করব যেন তাঁরা ছবিটি দেখেন।’’ প্রসঙ্গত এই ছবিতে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন জিৎ। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে দু’দিন আগেই ছবির লুকেই লাইভে এসেছিলেন।
এমটি নিউজ/এপি/ডিসি