বিনোদন ডেস্ক: অনুষ্ঠানের দাওয়াত কার্ডে সময় লেখা ছিল সন্ধ্যা ছয়টা। বাঁধন এসে পৌঁছালেন আধা ঘণ্টা পরে। যদিও অনুষ্ঠান শুরু হয়ে আরো দেরিতে। হাতে বড় একটি ফুলের তোড়া নিয়ে একদম পেছনের সারিতে আরিফিন শুভর পাশে গিয়ে বসলেন বাঁধন। সাথে ছিলেন ‘বান্টি ভাই’ হারুন অর রশিদ।
শুভ-বাঁধন পুরানো বন্ধু। বাঁধনের মিডিয়ায় আগমন লাক্স সুন্দরী প্রতিযোগিতা থেকে। আর শুভ এবারের আসরের প্রধান বিচারকদের অন্যতম। প্রথমেই বাঁধন তাকে জিজ্ঞেস করলেন প্রতিযোগিতা কেমন চলছে? শুভ জানালেন, এবারের প্রতিযোগিতায় দারুণ প্রতিভাবান সুন্দরীরা এসেছে, যারা দেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যাবে। বাঁধনকে ‘দহন’ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলো। জানতে চাওয়া হলো নতুন লুক, ওজন কমিয়েছেন ১৮ কেজি, ফেসবুকে নিত্যনতুন আবেদনময়ী ছবি দিচ্ছেন— রহস্য কী?
কিছুটা এড়িয়ে যেতে চাইলেন। হয়তবা সাংবাদিক বলে। কিন্তু নাছোড়বান্দার হাতে পড়লে যা হয় আরকি! বাঁধন বললেন, ‘রহস্য তো একটা আছে। সেটা বলা যাবে না? হয়ত সিনেমা করবো।’ কার সিনেমা? কবে থেকে শুটিং? ‘সেটা সময় হলেই জানবেন। সামনের মাস থেকে কিছু একটা করবো। তারই প্রস্তুতি।’ পরোক্ষভাবেই জবাব দিলেন।
জাজ মাল্টিমিডিয়ার সূত্রানুযায়ী খবর, আগামী মাসেই শুরু হচ্ছে ‘দহন’র শুটিং। মজার ব্যাপার হচ্ছে বাঁধন অনুষ্ঠানস্থলে ঢোকার পর থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে এড়িয়ে চলছিলেন। কিন্তু শেষের দিকে নুসরাত ফারিয়া, আরিফিন শুভসহ বাকিদের সাথে সেলফি তুলছিলেন আজিজ। সেখানে হাজির ছিলেন বাঁধনও।
হয়তবা তারা দুজন চাচ্ছিলেন না আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউ টের পাক ‘বাঁধন’ই হচ্ছেন জাজের নতুন নায়িকা। তবে যতই রহস্য করুক না কেন বাঁধনের নতুন গেটআপ, নিয়মিত জিমে যাওয়া, সব মিলিয়ে সবাই জানে ‘দহন’-এ সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন তিনি। যেটা দিনের আলোর মত পরিষ্কার হবে সোমবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে। ওইদিন সন্ধ্যা সাতটায় ‘দহন’র মহরত। সেখানে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে ‘চিত্রনায়িকা বাঁধন’-এর।
এটি বাঁধনের দ্বিতীয় সিনেমা। এর আগে ‘নিঝুম অরণ্যে’-এ সজলের বিপরীতে অভিনয় করেছিলেন। যদিও হূমায়ূন আহমেদের গল্পে নির্মিত তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’-এ তার অভিনয়ের কথা ছিল। পরীক্ষা থাকায় তা হয়ে উঠেনি।
এমটি নিউজ/এপি/ডিসি