সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ০৩:৩৮:১০

রণবীরের জীবনে আরেক সুন্দরী

রণবীরের জীবনে আরেক সুন্দরী

বিনোদন ডেস্ক: বলিউড তারকা রণবীর কাপুরের জীবনে আরেক সুন্দরীর আবির্ভাব হয়েছে। তেমনটাই এখন শোনা যাচ্ছে। এই বলিউড নায়কের কর্মজীবনের মতো প্রেমের জীবনও টালমাটাল। তাঁর অভিনীত কয়েকটা ছবি বক্স অফিসে সেভাবে সাড়া পায়নি। তবে এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে রণবীর অভিনীত ‘সঞ্জু’ ছবিটি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির টিজারেই বাজিমাত করেছেন এই বলিউড তারকা। শোনা যাচ্ছে, রণবীরের সঙ্গে এক বলিউড সুন্দরীর সম্পর্ক ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে। আর এই বলিউড সুন্দরী হলেন আলিয়া ভাট।

রণবীরের জীবনে প্রেম আসে, আর তা চুপিসারে চলে যায়। এর আগে তাঁর জীবনে এসেছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। কিন্তু এই দুই বলিউড সুন্দরীর সঙ্গে প্রেম বেশি দিন টেকেনি। মাঝে পাকিস্তানি চিত্রতারকা মাহিরা খানের সঙ্গে তাঁর প্রেমের কথা বলিউডের আকাশে-বাতাসে ভেসে বেড়িয়েছে। যদিও রণবীরের ভাষায়, মাহিরা শুধু তাঁর ভালো বন্ধু।

এবার আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন বিটাউনে। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া আর রণবীর একসঙ্গে কাজ করছেন। আর এই ছবির শুটিংয়ে এই দুই বলিউড তারকা একে অপরের অনেক কাছাকাছি চলে এসেছেন। তবে এই মন দেওয়া-নেওয়ার খেলা আলিয়ার থেকে শুরু হয়েছে বলে শোনা গেছে। এই বলিউড সুন্দরী রণবীরকে নাকি পছন্দ করতে শুরু করেছেন। এই গুঞ্জন নিয়ে আলিয়া কী বলবেন?

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোতে মনীশ মালহোত্রা আর সোনাক্ষী সিনহা আলিয়া-রণবীরের সম্পর্কের দিকে ইশারা করেছেন। এই দুই বলিউড তারকা মাঝে মাঝে লোকচক্ষুর আড়ালে দেখা করছেন। কিছুদিন আগে রণবীরকে আলিয়ার বাড়িতে রাত ১১টার সময় ঢুকতে দেখা গেছে। আবার পর দিন সকাল সাতটায় তাঁকে আলিয়ার বাড়ি থেকে বের হতে দেখা যায়।

কয়েক বছর আগে করণ জোহরের শোতে আলিয়া জানান, তিনি রণবীরকে বিয়ে করতে চান। রণবীরের প্রতি আলিয়ার এই অনুভূতির কথা নীতু কাপুরও জানেন। রণবীরের সঙ্গে কাজ করার প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি সব সময় রণবীরের সঙ্গে কাজ করতে চেয়েছি। ও দুর্দান্ত এক অভিনেতা। আর রণবীর নিজের অভিনীত চরিত্রের মধ্যে একাত্ম হয়ে যায়।’
 
এমটিনিউজ২৪.কম/এম/আই

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে