সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ০৫:১১:৫৪

মাধুরীর ‘কলঙ্ক’ নিয়ে তোলপাড় নেট দুনিয়ায়

মাধুরীর ‘কলঙ্ক’ নিয়ে তোলপাড় নেট দুনিয়ায়

বিনোদন ডেস্ক: বলিউডে ‘কলঙ্ক’ নিয়ে বেশ তোলপাড় চলছে। তবে এই কলঙ্কে ভ্রু কুঁচকানোর মতো তেমন কিছু ঘটেনি। জনপ্রিয় জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত নতুন ছবি ‘কলঙ্ক’-এর মাধ্যমে আবার এক ফ্রেমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। আর এই ‘কলঙ্ক’র মাধ্যমে বাবার রেখে যাওয়া স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন পরিচালক করন জোহর।

মাধুরীর আগামী ছবি কলঙ্ক নিয়ে বলিউডে রয়েছে নানারকম গুঞ্জন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে শিগগিরই ছবির শুটিং শুরু হবে। তাই ছবির সেট বানানোর কাজও চলছে বেশ দ্রুতালয়ে।

জানা যায়, ছবির জন্য উচ্চমানের সেট নির্মাণ করা হবে। ‘কলঙ্ক’ এক পিরিয়ড ছবি হতে চলছে। তাই গত শতকের চল্লিশের দশকের জিনিসপত্র সেটে প্রাধান্য পাচ্ছে। এই ছবির সেটের জন্য প্রায় ১৫ কোটি রুপি বাজেট রাখা হয়েছে। বলিউডে প্রথম কোনো ছবির জন্য এত দামি সেট বানানো হচ্ছে।

এরই মধ্যে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সেট নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। ‘কলঙ্ক’-এর সেটের ছবি যাতে প্রকাশ্যে না আসে সে জন্য করন জোহর নিয়েছেন বিশেষ ব্যবস্থা। সেটের ছবি তোলার ব্যাপারে ক্রুদের প্রতি তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। সেট নির্মাণের দায়িত্বে আছে নির্মাণকারী প্রতিষ্ঠান অমৃতা লাল।

‘কলঙ্ক’ ছবিটি বানানোর স্বপ্ন দেখেছিলেন করনের বাবা যশ জোহর। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২৫ বছর পর ‘কলঙ্ক’ ছবিতে সঞ্জয় ও মাধুরী জুটি একসঙ্গে কাজ করবেন। তারা দু’জন তো আছেনই, তাদের সহশিল্পী হিসেবে আরও থাকছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহা।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে