বিনোদন ডেস্ক: পদ্মাবতে’ খিলজির ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রণবীর সিং। সমসাময়িক অভিনেতাদের ছাড়িয়ে অনেকটা ওপরে উঠে গিয়েছেন এই কর্মচঞ্চল তারকা। তাঁর মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। ভারতীয় তারকার নামে আস্ত একটা ট্রেনের নামকরণ করল সুইজারল্যান্ড সরকার।
সুইজারল্যান্ডের নৈস্বর্গিক দৃশ্য সেলুলয়েডে দেখিয়েছিলেন যশ চোপড়া। সে দেশে রয়েছে যশ চোপড়ার একটি মূর্তিও। সেই যশের প্রযোজনায় ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের। ‘আলাউদ্দিন খিলজি’র অন্যতম পছন্দের জায়গা সুইজারল্যান্ড। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইজারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হলো।
নাম দেওয়া হয়েছে ‘Ranveer on Tour’। ট্রেনে চড়তে পারবেন পর্যটকরা আল্পসের প্রসিদ্ধ গোল্ডেন লাইনে চলবে এই ট্রেন। আগামী ৩০ এপ্রিল যাত্রা শুরু করবে ‘রণবীর অন ট্যুর’। অতিসম্প্রতি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছিলেন রণবীর।
রণবীরের ক্যারিয়ারগ্রাফও তুঙ্গে। সদ্য জোয়া আখতারের ‘গলি বয়ে’র শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট। এরপর রোহিত শেট্টির ‘সিম্বা’ ছবির কাজ শুরু করবেন ‘বাজিরাও’। এই ছবিতে সাইফকন্যা সারা আলি খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রণবীর সিংকে।
এমটি নিউজ/এপি/ডিসি