বিনোদন ডেস্ক : সকালের সূর্য বলে দেয় বাকি দিনটা কেমন যাবে— এমন কথাকে সত্যি করে মুক্তির প্রথম দিন থেকেই আয়ের হিসাবে ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ রেকর্ড গড়া শুরু করে দিয়েছে। এবার এক সপ্তাহের হিসাবে সবচেয়ে বেশি আয় করা ছবির তকমা পেল এটি। সারা বিশ্ব থেকে মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে ৬৩০ মিলিয়ন ডলার।
যদিও এখন পর্যন্ত ছবিটি চীনের মতো দেশে মুক্তি পায়নি। এর আগে প্রথম সপ্তাহের হিসাবে সবচেয়ে বেশি আয় করা ছবিটি ছিল ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’। গত বছর ছবিটি মুক্তি পায়। এছাড়া ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ ছবিটি স্থানীয় বাজারেও মুক্তির প্রথম সপ্তাহের সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকেই ছবিটি উঠিয়ে নিয়েছে ২৫০ মিলিয়ন ডলার।
‘আয়রন ম্যান’ মুক্তির ১০ বছর পর অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ারই সবচেয়ে হাই-প্রোফাইল সুপারহিরো ছবি ধরে নেয়া হচ্ছে। অ্যাভেঞ্জারসের প্রথম ছবিটি ২০১২ সালে মুক্তি দেয়া হয়। ছবিটি তখন মার্ভেল ফিল্মের আগের রেকর্ড ভেঙে দেয়। স্থানীয় বাজার থেকে আয় করেছিল ২০৭ মিলিয়ন ডলার।
অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ছবিটি পরিচালনার দায়ি ত্বে ছিলেন দুই ভাই অ্যান্থনি রুশো ও জো রুশো। অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ারের পাণ্ডুলিপিও করেছেন তারা। প্রযোজনায় রয়েছেন ক্লেভিন ফেইগ।
৩০০ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিতে ২২ জন সুপারহিরোর উপস্থিতি রয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রফালো, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, ডন চ্যাডেল প্রমুখ।
সূত্র: বিবিসি
এমটিনিউজ২৪/এম.জে/ এস