মঙ্গলবার, ০১ মে, ২০১৮, ১২:৩৮:০১

আচমকাই বদলে গেল দেবের নায়িকা

আচমকাই বদলে গেল দেবের নায়িকা

বিনোদন ডেস্ক :  ‘হইচই আনলিমিটেড’ ঘটানোর কথা ছিল দেবের। কিন্তু শোনা যা যাচ্ছে, ছবি শুরু হওয়ার আগেই বদলে গিয়েছে নায়িকা। টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন, দেবের নতুন ছবিতে নাকি মিমি চক্রবর্তীর বদলে নায়িকা হিসেবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।

নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেই একের পর এক হিট উপহার দিয়ে চলেছেন দেব। ‘চ্যাম্প’, ‘ককপিট’-এর পর সাফল্যের ধারা অব্যাহত ‘কবীর’-এর ক্ষেত্রেও। নিজের পরবর্তী প্রজেক্টও ঘটা করে ঘোষণা করে দিয়েছিলেন দেব। জানিয়েছিলেন এবার প্রাণখোলা দমফাটা হাসির ছবি উপহার দেবেন। ছবির নায়িকা হিসেবে প্রোমোশনাল ভিডিওতে মিমি চক্রবর্তীকেও দেখা গিয়েছে।

তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মিমির বদলে নাকি এবার ছবিতে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে রুক্মিণীকে। জানা গিয়েছে, চরিত্রটি এক বড়লোক বাবার মেয়ের। যাঁর স্বামী হিসেবে দেখা যাবে দেবকে।

চরিত্রের জন্য প্রথম থেকেই মিমিকে ভাবা হয়েছিল। তবে ‘কবীর’-এর পর দেব-রুক্মিণী রসায়নের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সেই জন্যই নাকি মিমির বদলে নায়িকা হিসেবে রুক্মিণীর কথা ভাবা হয়েছে।

সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হয়েছিল। তিনি অবশ্য বলছেন, মিমির ডেট নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে, কিন্তু রুক্মীণি এ ছবিতে থাকছেন না। মিমির সঙ্গে নাকি যোগাযোগ করা যায়নি। তবে ঘটনা যাই হোক ছবির বাকি কাস্টের তালিকা বেশ জোরদার।

রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, মানসী সিনহা, অর্ণ মুখোপাধ্যায়।

গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পূজা বন্দ্যোপাধ্যায়কেও। ছবির একটা বিরাট অংশের শুটিং হতে চলেছে উজবেকিস্তানে। তবে অন্দরের খবর কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক ও তাকে ছাড়িয়ে নিয়ে আসার মতো সিরিয়াস বিষয়বস্তুও। -সংবাদ প্রতিদিন

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে