বিনোদন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ গত ২৭ এপ্রিল শুক্রবার এক স্যাঙ্গাৎসহ গ্রেপ্তার করেছে বহুল আলোচিত আফজাল চৌধুরীকে। গ্রেপ্তার এড়াতে তিনি ক্ষমতাসীন বিজেপির রং হিসেবে পরিচিত মার্কামারা জাফরানি রঙের পোশাক ধারণ করেন- কিন্তু তাতেও চিড়ে ভেজেনি শেষতক, পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কারণ, পরিস্থিতি খোদ বিজেপি নেতাদের জন্যই গুরুতর হয়ে দেখা দিয়েছিল। এর আগে যোগী সরকার তার ওপর ক্ষমতার চাবুক চালায়- কেড়ে নেয় তার বিজেপির সদস্যপদ।
কী এমন অপরাধ ছিল তার যার জন্য পুলিশ তাকে এভাবে হঠাৎ গরু খোঁজা শুরু করেছিল? কারণ একটাই, ভারতে সংখ্যালঘু মুসলিমদের অধিকাংশের চক্ষুশূল বিজেপির দুধ কলা দিয়ে পোষা ‘মুসলিম নেতা’ আফজাল যেন শেষতক কট্টর হিন্দুবাদী দলটির কারো কারো জন্য কালসাপ হয়ে দেখা দিয়েছিল।
সালমান খান-আমির খান থেকে নিয়ে অক্ষয় কুমার- বলিউডের সব বিগবস তাড়কাদের সঙ্গে তার সেলফি যেন ডালভাত। নিয়মিতই আফজালের পেজ-এ দেখা যেত হাসিমুখেই তার সঙ্গে শামিল হচ্ছেন এমনকি বিগ বি অমিতাভ বচ্চন আর জাম্পিং-জ্যাক জিতেন্দ্রও। তিনি মুসলিম, তবে হিন্দু মৌলবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে দহরম-মহরমটা চোখে লাগার মতোই ছিল।
বিজেপির এই সংখ্যালঘু মুসলিম নেতার বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি অনেক লম্বা। বিভিন্ন রাজ্যের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা আর মন্ত্রীদের ফোনে ধমকানো এবং কাজ হাসিলের জন্য চাপ সৃষ্টি করতেন তিনি। লোনি এলাকার বাসিন্দা আফজাল কখনো নিজেকে পরিচয় দিতেন মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে। সাবেক বিজেপি নেতা যশোবন্ত সিং এবং শংকর সিং বাঘেলা পরিচয় দিয়ে ফোন করেছেন অপর ক্ষমতাবানদের- অন্যায় কাজ বাগানোর উদ্দেশ্যে।
তার বিরুদ্ধে অভিযোগ, অন্যায়পথে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন বিভিন্ন সূত্র থেকে। অভিযোগে জানা গেছে, গাজিয়াবাদ জেলার এসএসপি এবং ডিএম উভয়কে ফোন দিয়ে জানান তিনি শীর্ষ বিজেপি নেতাদের একজন। মহা ধড়িবাজ আফজাল তাদের নির্দেশ দেন কিছু বেআইনি কাজের।
পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, আফজাল নিজেকে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী শংকর সিং বাঘেলা হিসেবে পরিচয় দেন। এই পরিচয়ে গাজিয়াবাদের ডিএম রিতু মহেশ্বরীকে নির্দেশ দেন জায়গা-জমির একটি ঝামেলার ফয়সালা তার লোকজনের পক্ষে করে দিতে। এছাড়া অসৎ উদ্দেশ্যে যশোবন্ত সিংয়ের পরিচয় দিয়ে একই জেলার এসএসপিকে ফোন দেন।
পুলিশ আফজাল চৌধুরীর সঙ্গী কৃষ্ণকুমারকেও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর দুজনকে কালোটুপি পড়িয়ে নেওয়া হয়। আফজালের জিম্মায় থাকা একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জব্দ করা হয়েছে। সূত্র: জনসত্তা.কম
এমটি নিউজ/এপি/ডিসি