বিনোদন ডেস্ক: টালিউডের আলোচিত জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। না তারা নায়ক-নায়িকা জুটি নন, প্রেমিক জুটি। নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রীর প্রেমের কথা কে না জানে। সর্বশেষ বাগদানের মাধ্যমে তারা সেই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন। গত ৬ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাগদান সম্পন্ন করেন রাজ-শুভশ্রী।
এবার বিয়ের পালা। পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে আগামী ১১ মে অনুষ্ঠিত হবে রাজ-শুভশ্রীর বিয়ে। এরই মধ্যে প্রায় সব ধরণের প্রস্তুতি শেষের দিকে। জানা গেছে, পশ্চিমবঙ্গের বাওয়ালি রাজবাড়িতে হবে রাজ-শুভশ্রীর বিয়ে। যেটা কিনা প্রায় ২৫০ বছরের পুরনো রাজবাড়ি।
কলকাতার গণমাধ্যম জানায়, এই বাওয়ালি রাজবাড়ি তৈরি হয়েছিল মণ্ডল পরিবারের হাতে। রাজারাম মণ্ডল ছিলেন হিজলির রাজার সেনাপতি। বীরত্বের জন্য তিনি লাভ করেন ৫০ বিঘা জমি আর বিস্তর ধনদৌলত। তার হাতেই এখনকার বজবজে গড়ে ওঠে এই বাওয়ালি রাজবাড়ি।
তবে পরবর্তীতে অবহেলা আর দারিদ্র্য এসে গ্রাস করে রাজবাড়িকে। হারিয়ে যায় আগের সেই ঝলমলে সৌন্দর্য। অবশ্য পরে সেই ভাঙাচোরা রাজবাড়ি সংস্কার করে হেরিটেজ রিসোর্টে রূপান্তর করা হয়।
বাওয়ালি রাজবাড়ির আসল মজা এর বিশালতায়! ঢোকার মুখেই বড় বড় সিঁড়ি, কারুকাজ করা থাম, দীর্ঘ উঠোন, বারান্দা- এক লহমায় আপনাকে নিয়ে যাবে প্রাচীন বাংলায়। রাজবাড়ির প্রতিটি ঘরে রয়েছে ইতিহাসের পাতায় সময় কাটাবার সুযোগ। আসবাব থেকে শুরু করে বাসনকোসন- সব কিছুতেই রাজকীয়তার ছাপ রয়েছে। এছাড়াও রয়েছে পোড়ামাটির গোপীনাথ মন্দির, রাধামাধব মন্দির।
রাজ-শুভশ্রীর বিয়ের জন্য রাজবাড়ি কর্তৃপক্ষের সঙ্গে এরই মধ্যে চূড়ান্ত কথা হয়ে গেছে তাদের। ফলে শিগগিরই বিয়ের আলোয় ঝলমল করে উঠবে বাওয়ালি রাজবাড়ি। এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা।
এমটি নিউজ/এপি/ডিসি