বিনোদন ডেস্ক: অল্প দিনের ক্যারিয়ার। কিন্তু পরিচিতি আকাশছোঁয়া। দর্শকমহলে তার নামটি কিংবা তার মিষ্টি মুখটি খুব বেশিই পরিচিত। হ্যাঁ তিনি হালের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। সর্বশেষ যিনি ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন।
সম্প্রতি পরীমনি তার ফেসবুকে কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন। যেগুলোতে দেখা যায় তার পরনে রঙিন বেনারসি শাড়ি, কানে ঝুমকো দুল, আর গলায় মালা। এগুলোকে পেছনে ফেলে পরী নিজেই সামনে রাখলেন তার হাত দুটি। যেগুলো কিনা মেহেদির রঙে রঙিন হয়ে আছে। দৃষ্টিনন্দন ডিজাইনে সাজানো তার হাতে মেহেদি লাগানো হয়েছে। যেন একেবারে বিয়ের প্রস্তুতি! তবে কি পরীমনি বিয়ে করছেন? বিয়ের প্রসঙ্গ আসলে নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হবে না যে কাকে বিয়ে করছেন। প্রেমিক তামিম হাসানের নামটাই আসবে এক্ষেত্রে।
না, অবাক হওয়ার কিছু নেই। বিয়ে করছেন না পরীমনি। বরং নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজেই তিনি এমন রূপ ধারণ করেছেন। যা কিনা একটি মেহেদি ব্র্যান্ডের বিজ্ঞাপন। সামনেই রোজা, তারপর ঈদ। আর ঈদ মানেই মেহেদির আলাদা গ্রহণযোগ্যতা। তাই কোম্পানিগুলো তদের পণ্যের প্রচারে নতুন নতুন বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত। সেরকমই একটি বিজ্ঞাপনের মডেল হলেন পরীমনি।
এদিকে পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’ ছবিটি শুক্রবার (৪ মে) মুক্তি পাচ্ছে কলকাতায়। এই উপলক্ষে তিনি বর্তমানে রয়েছেন সেখানেই। আর কলকাতাতেই অংশ নিয়েছেন দেশীয় একটি মেহেদি ব্র্যান্ডের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন সৈনক মিত্র। রমজান মাসের শুরুর দিক থেকেই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা যায়।
এমটি নিউজ/এপি/ডিসি