বিনোদন ডেস্ক: এবারের ঈদের চলচ্চিত্রের মুক্তির তালিকায় রয়েছে ৫টি চলচ্চিত্র। এবার মুক্তি প্রতীক্ষিত ছবিগুলো হলো ‘ভাইজান এল রে’, ‘সুপার হিরো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুলতান’ ও ‘পোড়ামন ২’।
এই ৫টি ছবির মধ্যে প্রথম ৩টি ছবিতেই রয়েছেন শাকিব খান, যার মধ্যে দুটি আবার ভারতীয় ছবি বলে গুঞ্জন উঠেছে। যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘সুলতান’। যেখানে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও দেশের বিদ্যা সিনহা মীম।
অন্যদিকে দেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া মুক্তি দিচ্ছে ‘পোড়ামোন ২’। যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা। নায়িকা পূজার এরইমধ্যে ছবি মুক্তি পেলেও সিয়ামের এবারই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। যদিও ছোটপর্দায় তার জনপ্রিয়তা বেশ ভালো। কিন্তু ঈদের মতো সময়ে বড়পর্দার জন্য নতুন মুখ নিয়ে ছবি মুক্তি দেওয়া প্রযোজনা সংস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
কারণ এখানে নায়ক কেন্দ্রিক ইন্ডাস্ট্রি হিসেবে ঈদে সিয়ামের প্রতিদ্বন্দ্বী শাকিব খান ও কলকাতার জিৎ। তাই সিয়ামের প্রথম ছবির সফলতা এখন নির্ভর করবে হলে দর্শক কতটুকু টানতে পারছেন তিনি তার ওপর।
এদিকে, শাকিব খানের দুটি ছবি নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। ‘সুপার হিরো’ ছবিটির কর ফাঁকি দেওয়া নিয়ে এক অভিযোগ উঠেছে। এ নিয়ে একটি প্রযোজনা সংস্থা তথ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। তবে এখনো বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি সংশ্লিষ্টরা।
এমটি নিউজ/এপি/ডিসি