রবিবার, ১৩ মে, ২০১৮, ০৫:২২:৫২

বাংলাদেশে প্রথমবারের মতো 'অরগ্যানিক ড্যান্স সং' (ভিডিও)

বাংলাদেশে প্রথমবারের মতো 'অরগ্যানিক ড্যান্স সং' (ভিডিও)

বিনোদন ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মত মুক্তি পেল কেবল অঙ্গ-প্রত্যঙ্গের নাচ সম্বলিত মিউজিক ভিডিও। সোজা সাপ্টা ভাষায় যাকে বলা যায়, অরগ্যানিক ড্যান্স সং। আজ শনিবার সন্ধ্যায় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান  সিএমভি'র (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও) ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

‘সুখ-পিয়াস’ শিরোনামের এই জীবনমুখী-রক গানে কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী বিহঙ্গ চৌধুরী। গানটির কথা, সুর, সংগীত রচনা ও মিউজিক ভিডিও পরিকল্পনায় ছিলেন আফতাব রাগিব। সংগীত আয়োজনে ছিলেন মার্সেল ও নাহিয়ান।

এ মিউজিক ভিডিওটির বিশেষত্ব হল- গানটিতে শরীরের ১১টি অঙ্গ-প্রত্যঙ্গের (মাথা, চোখ, চোখের ভ্রূ, মুখ, গলা, ঘাড়, হাত, কবজি, কোমর, হাঁটু ও পায়ের পাতা) পৃথক পৃথক নাচ সংযোজিত হয়। গানের চিত্রায়নে অঙ্গ-প্রত্যঙ্গের (অর্গান) এমন বিশেষ ব্যবহার আগে কখনো হয়নি। তা ছাড়া বাংলাদেশের কোনো গানে ভ্রূ-নাচের ব্যবহারও এই প্রথম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শিল্পী নিজেই গানটির নাচে অংশ নিয়েছেন। সাথে ছিলেন নৃত্যশিল্পী নিশু ও মুজাহিদ।
 
ব্যতিক্রমধর্মী এ গান প্রসঙ্গে শিল্পী বিহঙ্গ চৌধুরী বলেন, এটি সম্পূর্ণ নিরীক্ষাধর্মী একটি গান। নিরীক্ষা হলেও বিনোদনের প্রচুর উপকরণ রয়েছে। এখন দর্শক গ্রহণ করলে আমাদের চেষ্টা সার্থক।

সিএমভির কর্ণধার এস.কে শাহেদ আলী পাপ্পু বলেন, আমরা বৈচিত্র্যে বিশ্বাসী। আশা করি, মিউজিক ভিডিওতে ‘অরগ্যানিক ড্যান্স’ বা ভ্রূ নাচের ব্যবহার সংগীতাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। গানটি সিএমভির ইউটিউব চ্যানেলের পাশাপাশি শোনা যাবে তাদের ওয়েবসাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক, বাংলালিংক ভাইব, বাংলালিংক স্প্ল্যাশ ও বাংলাফ্লিক্সে ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে