বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। অনেকদিন ধরেই নেই কোনো খবরে। হঠাৎ মন খারাপের খবরে তিনি শিরোনামে উঠে এলেন। হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার নন্দিত এই অভিনেত্রী।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় তার হার্ট অ্যাটাক হয় বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
তিনি বলেন, ‘আমরা ৩টার দিকে খবরটি পেয়েছি। যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন।’
নাসিম আরও জানান, তাজিন আহমেদের অবস্থা গুরুতর। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এরই মধ্যে তাজিনের আত্মীয়দের খবর দেয়া হয়েছে। আর প্রিয় সহকর্মীর অসুস্থতার খবর পেয়েই শিল্পীরা ছুটে আসছেন তাজিনকে দেখতে। এই মুহূর্তে হাসপাতলে নাসিম ছাড়াও তাজিনের পাশে রয়েছেন রওনক হাসান, জাকিয়া বারী মম, হুমায়রা হিমু ও আরও অনেকে।
নাসিম বলেন, ‘তাজিন অনেকদিন ধরেই একা বসবাস করে আসছেন। তার সঙ্গে একজন মেকাপ আর্টিস্ট থাকেন। তিনি তাজিনের দেখাশোনা করতেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এমনটা আগে শুনিনি। হার্ট অ্যাটাকের খবরটি একেবারে হতবাক করে দিয়েছে। দেশবাসীর কাছে তাজিনের জন্য দোয়া চাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।’
প্রসঙ্গত, বিটিভির সোনালি দিনগুলোতে তাজিন আহমেদের উত্থান। জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতই তিনি হাজির হতেন টিভি দর্শকদের সামনে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম কামিয়েছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেকদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস