মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ০২:৫৩:৩৬

হাসপাতালে দিন কাটছে চিত্রনায়ক সাত্তারের

হাসপাতালে দিন কাটছে চিত্রনায়ক সাত্তারের

বিনোদন ডেস্ক : পোশাকি ছবির শক্তিমান অভিনেতা আবদুস সাত্তার। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। বর্তমানে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এ প্রসঙ্গে গতকাল আবদুস সাত্তারের স্ত্রী কাকলী সাত্তার জানান, অনেকদিন থেকেই তিনি অসুস্থ। উচ্চচাপ, ফুসফুসে ইনফেকশন ও ডায়াবেটিকসসহ নানা রোগে তিনি ভুগছেন।
বর্তমানে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে একমাসেরও বেশি সময় তিনি ভর্তি। এই হাসপাতালের ৪ তলার ৭ নম্বর ওয়ার্ডে ৪০ নম্বর বেডে আছেন তিনি। 

আমার আফসোস হচ্ছে চলচ্চিত্রের কোনো শিল্পী বা পরিচালক তাকে এখনো দেখতে আসেননি। যাদের সঙ্গে এতটা সময় কাটালেন তাদের অন্তত খোঁজ-খবর নেয়া উচিত ছিল। 

আমাদের প্রধানমন্ত্রী দু’বারে মোট ৩০ লাখ টাকা সাহায্য করেছেন। তবে তার চিকিৎসা খুবই ব্যয়বহুল। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। চলচ্চিত্রের অভিনেতা সাত্তার ২০১২ সালে স্ট্রোক করে প্যারালাইসড হয়ে অভিনয় থেকে দূরে সরে যান। 

গ্রামবাংলার জনপ্রিয় এই অভিনেতা ১৯৫৮ সালের ২৬শে মে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে অসুস্থ হওয়ার আগে সাত্তার প্রায় ১২০টি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। আশির দশকে তার সঙ্গে রোজিনা-অঞ্জু ঘোষ ছিল জনপ্রিয় জুটি। ১৯৮৪ সালে এফডিসি’র নতুন মুখের সন্ধানে মান্না, সোহেল চৌধুরী, দিতিদের সঙ্গে সাত্তারও উঠে আসেন। এরপর তিনি ধারাবাহিকভাবে পোশাকি ছবির অপরিহার্য নায়ক হয়ে ওঠেন। তার অভিনীত ছবিগুলোর মধ্য দিয়ে এদেশে পূর্ণাঙ্গ রঙিন সিনেমার যুগ শুরু হয়। 

সাত্তারের জনপ্রিয় সিনেমার মধ্যে ‘রঙিন রূপবান’, ‘রঙিন রাখাল বন্ধু’, ‘রঙিন কাঞ্চনমালা’, ‘রঙিন রাম লক্ষণ’, ‘অরুণ বরুণ কিরণ মালা’, ‘মধুমালা মদন কুমার’, ‘আলোমতি প্রেম কুমার’, ‘শুভদা’ অন্যতম। সর্বশেষ সাত্তারকে রুপালি পর্দায় ২০১২ সালে পিএ কাজলের ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে দেখা গিয়েছিল।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে