বিনোদন ডেস্ক: আইপিএলে বেটিং কেলেঙ্কারিতে নাম এল খান পরিবারের। বলিউডে ছবি প্রযোজনা, পরিচালনা ও অভিনয়—তিনটি কাজই করেন আরবাজ খান। তবে তাঁকে একনামে চিনতে হলে অন্য পরিচয়টিই বেশি গুরুত্বপূর্ণ, সালমান খানের ভাই। প্রায় প্রতি দিনই খান পরিবার সংবাদ শিরোনাম হয়। তবে আজ আরবাজ খানের নাম এসেছে ভিন্নভাবে। আইপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আরবাজকে ডেকে পাঠিয়েছে পুলিশ।
সনু জালান নামের এক বুকিকে জিজ্ঞাসাবাদে আরবাজের নাম উঠে এসেছে। এই অভিনেতাকে জবানবন্দি দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে থানা-পুলিশের অপরাধ বিরোধী ইউনিট। বুকিদের মাধ্যমে আইপিএলের ম্যাচ চলাকালে জুয়া খেলার অভিযোগ উঠেছে আরবাজের বিরুদ্ধে। ইউনিটের জ্যেষ্ঠ পরিদর্শক প্রদীপ শর্মা জানিয়েছেন, তাঁরা আরবাজকে ডেকে পাঠিয়েছেন ‘ম্যাচ পাতানোতে তাঁর ভূমিকা বুঝতে এবং সেটা বোঝা যাবে জবানবন্দি নেওয়ার পরই।’
টাইমস নাওয়ের দাবি অনুযায়ী, আইপিএলে বাজি ধরে ২ কোটি ৮০ লাখ রুপি খুঁইয়েছেন আরবাজ। এবং এ নিয়ে জালান তাঁকে হুমকিও দিয়েছিল। আরবাজ ও সালমানের বাবা সালিম খান এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস