শুক্রবার, ০১ জুন, ২০১৮, ০৯:৩১:০৯

দ্বন্দ্বে জড়িয়েছেন অক্ষয়-জন!

দ্বন্দ্বে জড়িয়েছেন অক্ষয়-জন!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অক্ষয় কুমার ও জন আব্রাহাম। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।

কিন্তু সম্প্রতি গুঞ্জন ওঠে অক্ষয়ের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না জনের। কিছুদিন আগে পরমাণু : দ্য স্টোরি অব পোখরান সিনেমার প্রযোজক প্রেরণা আরোরার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন জন। এমনকি আইনি জটিলতায় পড়েছিলেন এ অভিনেতা। শোনা যায়, সেই সময় অক্ষয়ের সাহায্য চেয়ে পাননি তিনি। ফলে তাদের সম্পর্কটা তেতো হয়ে যায়।

কিন্তু এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘শুনলাম আমার ভাই অক্ষয় কুমার ও আমি দ্বন্দ্বে জড়িয়েছি। দুঃখিত এটি সম্পূর্ণ মিথ্যা। এখন একমাত্র পরমাণু সিনেমাতেই বিস্ফোরণ হচ্ছে।’

জনের টুইটের পরিপ্রেক্ষিতে অক্ষয় কুমার লিখেছেন, ‘ভাই জন আব্রাহাম তোমাকে নিয়ে গর্বিত। শুনলাম পরমাণু সিনেমায় খুব ভালো কাজ করেছ। খুব শিগগির এটি দেখব।’ 

গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরমাণু : দ্য স্টোরি অব পোখরান সিনেমাটি। ১৯৯৮ সালে পোখরানে ভারতীয় সেনাবাহিনীর নিউক্লিয়ার বোমা পরীক্ষার ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনি তৈরি হয়েছে। এতে জন আব্রাহাম ছাড়াও অভিনয় করছেন ডায়ানা পেন্টি, বোমান ইরানি প্রমুখ। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহকারী প্রযোজনায় রয়েছেন জন। এটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে