শনিবার, ০২ জুন, ২০১৮, ০৬:০৮:২৩

আজ রাত বিটিভিতে প্রচারিত হবে হানিফ সংকেতের ইত্যাদি

আজ রাত বিটিভিতে প্রচারিত হবে হানিফ সংকেতের ইত্যাদি

বিনোদন ডেস্ক:আজ রাত বিটিভিতে হানিফ সংকেতের ইত্যাদি, রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ইত্যাদি’র সংকলিত পর্ব। ইতোপূর্বে প্রচারিত ইত্যাদি’র কয়েকটি পর্ব থেকে সংকলন করে সম্পাদনার টেবিলে তৈরি করা হয়েছে এই পর্বটি। মূল পর্বটি প্রচারিত হয়েছিল ২০১৩ সালের জুলাই মাসে।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এই সংকলিত পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে বরগুনার তালতলীর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক জয়দেব দত্তের উপর একটি প্রতিবেদন। যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকের জীবন বাঁচাতে সাহায্য করেছেন। পশ্চিমা বিজ্ঞানীদের মতে এই গ্রহের সবচাইতে শক্তিশালী শিনকিকার বা পদাঘাতশক্তিসম্পন্ন মানুষ, সুপার হিউম্যান খ্যাত ম্যাক ইউরী’র উপর বিশেষ প্রতিবেদন। টেলিভিশন পর্দায় যার প্রথম উপস্থিতি ছিল এই ইত্যাদি’তেই।

এই পর্বে রয়েছে বিশিষ্ট সংগীতশিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে তার স্ত্রী সাবরা নিয়াজ, ছেলে ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী, কন্যা মেহনাজ চৌধুরীর সমবেত গান। একটি ব্যতিক্রমী পর্ব উপস্থাপনা করেছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, সাথে আছেন আরো দু’জন জনপ্রিয় কণ্ঠ তারকা পার্থ বড়ুয়া ও এস.আই.টুটুল। পুরনো দিনের একটি জনপ্রিয় গানের অনুকরণে রয়েছে আর একটি গল্প ভিত্তিক গান। গানটিতে দু’জন বৃদ্ধের সুখ-দুঃখের চিত্র তুলে ধরা হয়েছে।

এছাড়াও দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারও ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

উল্লেখ্য ইত্যাদি’র পুনঃপ্রচার/সংকলিত পর্ব সব সময়ই প্রতি মাসের ১ম রবিবার রাত দশটার ইংরেজি সংবাদের পর পুনঃপ্রচার হয়। কিন্তু বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচটি আগামীকাল বিটিভি সরাসরি সম্প্রচার করবে বিধায় ইত্যাদি নির্ধারিত প্রচার তারিখের পরিবর্তে আজ প্রচারিত হবে।

এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে