বৃহস্পতিবার, ০৭ জুন, ২০১৮, ০৮:১০:২৮

আজ চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন

আজ চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ফেরদৌস আহমেদ। দুই বাংলায় সমান জনপ্রিয়। অভিনয় করেছেন হিন্দী চলচ্চিত্রেও। জীবন থেকে ৪৪টি বসন্ত পার করে ফেলেছেন নন্দিত এই অভিনেতা। আজ (৭ জুন) তাঁর ৪৫তম জন্মদিন।

১৯৭২ সালের এই দিনে কুমিল্লায় জন্মগ্রহণ করেন ফেরদৌস। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নব্বইয়ের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। মডেলিং করার সময় সুদর্শন চেহারার অধিকারী ফেরদৌস চলচ্চিত্রের কর্তাব্যক্তিদের নজরে পড়েন।

নন্দিত অভিনেতা সালমান শাহ’র রেখে যাওয়া অর্ধনির্মিত একটি ছবিতে প্রথম অভিনয় করেন ফেরদৌস। ‘বুকের ভেতর আগুন’ নামক ওই ছবির কাজ অর্ধেক শেষ হতেই আকস্মিক মৃত্যু হয় সালমানের। ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। এরপর একে একে ‘হঠাৎ বৃষ্টি’, ‘সবার উপরে প্রেম’, ‘প্রেমের জ্বালা’, ‘কুসুম কুসুম প্রেম’ ‘বৌ শাশুড়ির যুদ্ধ’, ‘প্রাণের মানুষ’, ‘ফুলের মতো বৌ’, ‘খায়রুন সুন্দরী’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘গেরিলা’সহ অসংখ্য সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন ফেরদৌস। এছাড়া ‘মিট্রি’ নামের একটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি বেশকিছু নাটকেও অভিনয় করেছেন ফেরদৌস।

অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ৪বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশী-বিদেশী অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন ফেরদৌস।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে