সোমবার, ১১ জুন, ২০১৮, ০৪:৪৬:৫৫

হানিফ সংকেতের ‘বিশ্বাসের নি:শ্বাস নাই’

হানিফ সংকেতের ‘বিশ্বাসের নি:শ্বাস নাই’

বিনোদন ডেস্ক: ‘ইত্যাদি’র জন্য তুমুল জনপ্রিয় দেশসেরা উপস্থাপক হানিফ সংকেত । তার উপস্থাপনায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি সারা বছর তো বটেই, ঈদেও দর্শকদের বাড়তি আনন্দ দিয়ে থাকে। তবে শুধু ইত্যাদি নয়, প্রতি ঈদে নিজের রচিত ও পরিচালিত নাটকও নিয়ে আসেন হানিফ সংকেত। ‘ইত্যাদি’ অনুষ্ঠানে তিনি যেমন তুলে ধরেন সমাজের নানা অসঙ্গতি, নাটকেও থাকে তারই ফ্লেভার।

তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও রয়েছে হানিফ সংকেত রচিত ও পরিচালিত নাটক ‘বিশ্বাসের নি:শ্বাস নাই’। নাটকটির নামকরণ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা সব সময়ই বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই। আর সে জন্যই পথেঘাটে মানুষ মরে, অকালে প্রাণ ঝরে, তেমনি অবিশ্বাসের চক্করে পড়ে কথায় কথায় বিশ্বাস মরে। সুতরাং বলা যায়, এখন বিশ্বাসেরও নিঃশ্বাস নাই।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, আনিসুর রহমান মিলন, নওরীন হাসান খান জেনী, মোনালিসা, জিয়াউল হাসান কিসলু, শিরিন আলমসহ অনেকে।

এই নাটকের দৃশ্যধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এটির সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। ঈদের রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে