বিনোদন ডেস্ক: শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। একজন সুপারস্টারের জন্য তার ভক্তের পাগলামি ছিল এই ছবির বিষয়বস্তু। বাস্তবেও যে এমন অনেক ‘ফ্যান’ কিং খানের জন্য পাগল, নিজের জন্মদিনে তার প্রমাণ পেলেন তিনি।
গত শুক্রবার ছিল বলিউড কিং খান শাহরুখের জন্মদিন। তার জন্মদিন ঘিরে উন্মাদনার শেষ নেই ভক্তদের। ভারতের প্রায় সব রাজ্য থেকেই ভক্তরা মুম্বাই আসেন শাহরুখকে এক নজর দেখবেন বলে, একটা সেলফি তোলা যায় কিনা এই আশায়। সেদিন শাহরুখের বাড়ি মান্নাতে হাজির হন তারা।
কলকাতার যুবক সেলিম ২ নভেম্বর গিয়েছিলেন মান্নাতে প্রিয় নায়কের দেখা পেতে। কলকাতা নাইট রাইডার্সের সৌজন্যে শাহরুখের প্রতি একটু বেশিই দুর্বল কলকাতার ভক্তরা। সেই প্রমাণই যেন দিতে চাইলেন তিনি। শাহরুখ খানের দেখা না পেয় ঘটালেন রক্তারক্তি কাণ্ড। নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে ভাসিয়ে দিলেন শাহরুখের বাড়ি মান্নাতের আঙিনা।
ভারতীয় গণমাধ্যমের খবর, ভক্তরা সবাই যখন মান্নাতের সামনে দাঁড়িয়ে সেই সময়ে গাড়িতে করে বাড়িতে ঢুকছিলেন কিং খান। নায়ককে এক ঝলক দেখতে গাড়ি ঘিরে ধরেন ভক্তরা। কোনোক্রমে সেই গাড়ি যাওয়ার পথ করে দেয় পুলিশ। এর পরেই বাধে বিপত্তি। পয়ত্রিশ বছরের যুবক সেলিম প্রিয় মানুষের দেখা না পেয়ে হতাশ হয়ে ব্লেড বা ছুরি জাতীয় কিছু দিয়ে নিজের গলা চিড়ে দেন।
এই ঘটনা দেখে ছুটে আসেন সেখান অবস্থানরত পুলিশকর্মীরা। দ্রুত ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার জানায় সে এখন আশঙ্কা মুক্ত। অবশ্য এ ব্যাপারে শাহরুখের কোন মন্তব্য সামনে আসেনি।