বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৭:৫৯

হিলারির কাছে পাত্তাই পেলেন না শাহরুখ খান

হিলারির কাছে পাত্তাই পেলেন না শাহরুখ খান

বিনোদন ডেস্ক: ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ের বিয়ে বলে কথা। তার সংগীত উৎসবে অতিথির তালিকায় ছিলেন সাবেক মার্কিন ফার্স্টলেডি হিলারি ক্লিনটন, সেক্রেটারি জন কেরি। সুতরাং সালমান-শাহরুখেরা নাচতে আসবেন, বিয়ন্স নোয়েলসরা গাইতে আসবেন, সেটাই স্বাভাবিক।

কিন্তু সেই বিয়ের সংগীত উৎসবের একটি ভিডিও বোকা বানিয়ে দেবে শাহরুখপ্রেমীদের। মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব সামিরা খান টুইটারে আপলোড করেছেন ইশা আম্বানির সংগীত উৎসবের একটি ভিডিও। সেখানে বাজছিল ‘লেটস নাচো’, ‘আভি তো পার্টি শুরু হই হে’, ‘টিউন ম্যারি এন্ট্রি’, ‘জুম্মে কি রাত’সহ আরও নানা বলিউডি গান। গানের তালে তালে নাচছিলেন অতিথিরা।

এ সময় নৃত্যরত শাহরুখ খান ধরলেন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের হাত। শাহরুখকে পাত্তাই দিলেন না তিনি। ভারতীয় পোশাক পরা হিলারি শাহরুখের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নাচতে শুরু করলেন জন কেরির সঙ্গে। ব্যথিত হৃদয়ে হাসি-হাসি মুখ করে শাহরুখ নাচতে নাচতে জায়গাটি ত্যাগ করেন। কয়েক মুহূর্ত পরে তাঁকে আমির খানের সঙ্গে নাচতে দেখা যায়।

ভারতের রাজস্থানের উদয়পুরের ওবেরয় উদয় বিলাস হোটেল গত শনিবার সন্ধ্যায় ছিল এই সংগীত উৎসব। মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির সঙ্গে শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের বিয়ে হচ্ছে আজ বুধবার। বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে আম্বানিদের ২৭তলা ভবন অ্যাতেলিয়ায় করা হয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা। এ বাড়িকে বলা হয় বিশ্বের সব থেকে ব্যয়বহুল ব্যক্তিগত বাসভবন। এমনকি বাড়িটির আশপাশের সড়কও সেজেছে আলো ও ফুলে। বাড়ির প্রবেশমুখের কাছে করা হয়েছে গোলাপি ফুলের দেয়াল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে