বিনোদন ডেস্ক: এফডিসি নয়, রাজপথেই দেখা মিলছে অভিনেতা-অভিনেত্রীদের। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। এরপরই অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রচার-প্রচারণায় কোনো কমতি নেই। আর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে শোবিজ জগতের তারকারাও।
আজ (মঙ্গলবার) বনানীর কামাল আতাতুর্ক সড়কে চিত্রনায়ক ফারুকের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন ঢালিউডের নায়ক,নায়িকা ও অভিনেতারা।
চিত্রনায়ক ফারুকের পক্ষে বনানীর রাজপথে নেমেছিলেন রিয়াজ, ফেরদৌস, মাহফুজ আহমেদ, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, ড্যানি সিডাক, এস ডি রুবেলসহ অনেকে। নায়িকাদের মধ্যে ছিলেন অঞ্জনা, শাবনাজ, নিপূণ, মাহিয়া মাহি, সুইটি, রত্নাসহ নতুন পুরনো আরো অনেকেই।
প্রচারণার সময় চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জয়ী করতে নৌকার ভোট দিন। দেশের ১৮ কোটি মানুষ যেন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে প্রত্যাখ্যান করেন। ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী ফারুক ভাইকে ভোট দিন। ফারুক ভাইয়ের জয় মানেই শেখ হাসিনার নৌকার জয়।’
এসময় বক্তব্য দিতে গিয়ে ফেরদৌস বলেন, ফারুক ভাইয়ের জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। শেষ জীবনে তিনি শুধু জয়ী হয়ে মানুষের সেবার সুযোগ চেয়েছেন। তার যে ইমেজ, আমার মনে হয় ভোট চাওয়ার দরকার নেই। তার পক্ষ হয়ে আমরা জনগণের কাছে নৌকায় ভোট চাচ্ছি। ঢাকা-১৭ আসন আমার জন্মস্থান। সেজন্য আমি বেশি করে তার জন্য ভোট চাচ্ছি।
এর আগে গত সেপ্টেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন রিয়াজ ও নায়ক ফেরদৌস। এছাড়াও গত ১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও সঙ্গী হিসেবে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস।