শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৮:৩১

শ্বশুরের পক্ষে ভোট চাইতে লালমনিরহাটে মাহফুজ

শ্বশুরের পক্ষে ভোট চাইতে লালমনিরহাটে মাহফুজ

বিনোদন ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় শশুর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন অভিনেতা মাহফুজ। তার সঙ্গে শাহরিয়ার নাজিম জয় সহ একাধিক তারকাকে দেখা গেছে। বৃহস্পতিবার তিনি লালমনিরহাট-৩ (সদর) সংসদীয় আসনে শ্বশুরের পক্ষে প্রচারণা চালান।

বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাহফুজের হাতে একটি প্রতীকী কাঠের লাঙল তুলে দিয়ে সংরক্ষিত নারী আসনের সাংসদ ও লালমনিরহাট মহিলা লীগের সভানেত্রী সফুরা বেগম রুমি মাহফুজ ও তার সঙ্গীদের স্বাগত জানান।

মাহফুজের সঙ্গে নির্বাচনী প্রচারণায় ছিলেন অভিনেতা আজিজুল হাকিম, বিজরী বরকত উল্লাহ, তানভিন সুইটি, শাহরিয়ার নাজিম জয়, মীর সাব্বির, সাজু খাদেম প্রমুখ। পাশাপাশি স্থানীয় শিল্পীরাও এই কর্মসূচিতে অংশ নেন।

ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ বানিয়ে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট শহরের পুরান বাজার থেকে এই প্রচারণা শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়, গোশালা বাজার রোড, পৌর মার্কেট, ফায়ার ব্রিগেড রোড, শেখ শফিউদ্দিন কমার্স কলেজ রোড, দোয়েল গেস্টহাউস রোড, মিশন মোড় হয়ে লালমনিরহাট শহর অতিক্রম করে। এরপর মোগলহাট বাজার ও মেঘারাম বাজার হয়ে ভাটিবাড়ী বাজারে এসে থামে। এসময় তিনি এলাকাবাসীর কাছে শ্বশুরের জন্য ভোট প্রার্থনা করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে