বিনোদন ডেস্ক: ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া সালমা বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ওকালতি করার। কিন্তু সুযোগের অভাবে সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি।’ এদিকে নিজের ছোটবেলার ইচ্ছাটাকে পূরণ করতে যাচ্ছেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি ল’কলেজে আইন বিষয়ে পড়াশোনা করছেন। জানা গেছে, আগামী বছর ব্যারিস্টারি পড়তে যাবেন যুক্তরাষ্ট্রে।
এ ব্যাপারে সালমা গণমাধ্যমকে বলেন, ‘ছোটবেলায় ইচ্ছা ছিল আইন বিষয়ে পড়াশোনা করব। কিন্তু সেই সুযোগ এতদিন হয়ে ওঠেনি। যখন হয়েছে তখনই ভর্তি হয়ে গেলাম কলেজে। গানের পাশাপাশি ওকালতিও করার ইচ্ছা রয়েছে। তাই আগামী বছর ব্যারিস্টারি পড়তে আমেরিকায় যাব।’
এ সময় নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছি। এরই মধ্যে অনেকগুলোর শিরোনাম ঠিক হয়নি। গানগুলোর কথার ওপর গুরুত্ব দেয়া হয়েছে বেশি। আমি মনে করি ভালো কথার গান মানুষ শুনবেই। এখন মানুষ গান শোনার পাশাপাশি দেখতেও চান। এ বিষয়টি মাথায় রেখেই আগামী বছর গানগুলোর ভিডিওর কাজ সম্পন্ন করব।’