বিনোদন ডেস্ক: আজ শনিবার ৫ জানুয়ায়রি সকালে হিরো আলম নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নোয়াখালীর সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন। এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘গরীব গরীবের দুঃখ বোঝে, তাই আমি এতোদূর থেকে ছুটে আসছি। আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে।’
হিরো আলম আরও বলেন, ‘নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন।’
প্রসঙ্গ, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ছিল। ওই দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
এরপর ওই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান। পরে এ নিয়ে সেই নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন।