বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ১০:০০:২৭

বাবার জন্মদিনে প্রধানমন্ত্রীর কাছে রাজ্জাকের ছেলের যে অনুরোধ

বাবার জন্মদিনে প্রধানমন্ত্রীর কাছে রাজ্জাকের ছেলের যে অনুরোধ

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের জনপ্রিয় নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ (২৩ জানুয়ারি)। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মারা গেছেন। মৃত্যুর পর আজ তার দ্বিতীয় জন্মদিন।

রাজ্জাকের জন্মদিন পালন করা হতো বেশ ঘটা করেই। কাউকে দাওয়াত করার দরকার হতো না। বন্ধুমহল, ভক্তবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিরা জন্মদিনে নায়কের বাড়িতে হাজির হতেন। চলতো রান্না-বান্নাসহ নানা আয়োজন।

বাবার জন্মদিনের এমন স্মৃতির কথা গণমাধ্যমকে জানালেন রাজ্জাকের ছোট ছেলে সম্রাট। তিনি বলেন, ‘আব্বার জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে যেত আগের দিন বিকেল থেকে। সকাল থেকে বাসায় মানুষজনের ভিড় লেগে থাকত। শেষ হতো পরদিন দুপুরে।’

কিন্তু নায়ক রাজের মৃত্যুর পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে বলে জানিয়েছেন সম্রাট। তিনি বলেন, ‘এখন আর কেউ খোঁজ নেয় না, আসা তো দূরের কথা। আমার মনে হয়, এটাই বাস্তব। আমরা এই কঠিন বাস্তবকে মেনে নিয়েছি।’

রাজ্জাকের স্মৃতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়েছেন সম্রাট। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাকে অনুরোধ করছি, প্লিজ, নায়করাজ রাজ্জাকের স্মৃতি রক্ষার জন্য কিছু করুন। যদি তার স্মৃতি সংরক্ষণ করা সম্ভব না হয়, তাহলে তিনি দ্রুত হারিয়ে যাবেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন। চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে। এমন কিছু করুন, যাতে এই দেশের মানুষের মধ্যে তিনি বেঁচে থাকতে পারেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে