বিনোদন ডেস্ক: আজ শুক্রবার দুপুরের ফ্লাইটে কলকাতা ফিরে গেলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। কথা ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ‘মধু-দা’ শিরোনামের একটি ছবিতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। আর এ জন্যই গত সোমবার ঢাকা আসা হয়েছিলো তার। শেষ পর্যন্ত এ মাসের প্রথম সপ্তাহের পরিবর্তে মধ্য ফেব্রুয়ারির দিকে ছবির শুটিং শুরু হবে নির্মাতা প্রতিষ্ঠানের- এমন সিদ্ধান্তের কারণে অনেকটা হতাশ হয়ে কলকাতা ফিরে গেলেন এই অভিনেত্রী।
একটি সূত্র এমন খবর জানালে আজ দুপুরে অঞ্জু ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যাঁ, আমি কলকাতা ফিরে যাচ্ছি। এখন আমি এয়ারপোর্টের পথে। যেহেতু ছবির কাজ শুরু হতে বিলম্ব হবে, তাই ফিরে যেতে বাধ্য হচ্ছি। ছবির শুটিংয়ের দিনক্ষণ ঠিক হলে আবার ফিরব।
হতাশার কথা সরাসরি না জানালেও অঞ্জু ঘোষের কথায়, এতদিন এখানে বসে থেকে কি করব। কলকাতায় আমার অনেক কাজ আছে। এই সময়টায় সেগুলো সেরে আসতে চাই।
এ বিষয়ে ছবির পরিচালক সাঈদুর রহমান সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছবির পাণ্ডুলিপি তৈরির কাজ এখনও শেষ হয়নি। আশা করছি ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে শুটিং শুরু হবে। অঞ্জু ঘোষের হতাশ বা রাগ হওয়ার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, প্রশ্নই উঠেনা, যেহেতু ছবির নির্মাণ কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে, তাই আমরা পরামর্শ করেই ঠিক করেছি এই সময়টাতে তিনি কলকাতায় তার হাতে থাকা কিছু কাজ সেরে আসলে ভালো হয়। পরে রিলাক্স মুডে এখানে কাজ করতে পারবেন। তাই তিনি কলকাতা ফিরে গেছেন।