বিনোদন ডেস্ক: ‘মনেপ্রাণে’ নামে টেলিছবিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার বিপরীতে আছেন দুই লাক্স চ্যানেল আই সুন্দরি মেহজাবিন চৌধুরী ও মৌসুমী হামিদ। জাফরীন সাদিয়ার রচনায় ও প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
অপূর্ব নাটকটি প্রসঙ্গে বলেন, ‘মনে প্রাণে যখন কেউ কাউকে পেতে চায়, তখন তাকে পাবার জন্য দিনরাত এক করে ফেলেন। তখন তার আশেপাশে আশীর্বাদ হয়ে আসেন স্বয়ং সৃষ্টিকর্তা। এই নাটকটিতে এমনই কিছু দেখা যাবে।
নাটকটি নিয়ে মেহজাবিন বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে, প্রয়োজনে পরিকল্পনা চেঞ্জ হবে। কিন্তু উদ্দেশ্য ও গন্তব্য একটাই হওয়া উচিত। নাটকটি দেখার পর এভাবেই দর্শকদের ভাবাতে শেখাবে বলে আমার বিশ্বাস।’
আর অভিনেত্রী মৌসুমী হামিদের মতে, এটি অনুপ্রেরণার গল্প।রোমান্টিক ঘরানার এ টেলিছবিতে বিশেষ কিছু বার্তা থাকছে। যা অনেকের জন্য অনুপ্রেরণার হতে পারে বলে জানান এই অভিনেত্রী।
আগামী ১৪ ফেব্রুয়ারি রাতে একুশে টিভিতে এটি দেখানো হবে। এছাড়া ‘জাফরীন স্টুডিও’ নামের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হবে। টেলিছবিতে আরও অভিনয় করছেন খালেকুজ্জামান, বিদ্যা নাথ সাহা, আতিকুর রাহমান শিবলী, ফিরোজ, ফারুক, অনিক।