বিনোদন ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের শরণার্থী শিবির যাচ্ছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি ইতোমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছেন। জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন।
সোমবার (০ ৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের বিমান যোগে কক্সবাজার পৌঁছান। এরপর রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে, রোববার মধ্যরাতে চারদিনের সফরে ঢাকায় আসেন তিনি। এরপর তিনি সড়ক পথে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। তিনি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর হোটেল রয়েল টিউলিপে রাত্রিযাপন করবেন। মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।
উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।