বিনোদন ডেস্ক : বলিউড সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন আগেই ঘোষণা করেছিল যে পাকিস্তানি শিল্পীরা আর কাজ করতে পারবেন না বলিউডে। এবার সেই পাকিস্তানি শিল্পীদের মতোই একই হাল পাঞ্জাবের মন্ত্রী ও সাবেক ক্রিকেটার নভোজাৎ সিং সিধুরও!
ফেডারেশন অফ ওয়স্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লইজের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে বলিউডে বা ভারতীয় টেলিভিশন চ্যানেলের কোনও অনুষ্ঠানেই আর থাকতে পারবেন না সিধু।
এককালের ভারতীয় ক্রিকেটার, তথা পাঞ্জাবের মন্ত্রী সিধু কিছুদিন আগেই পুলওয়ামা হামলা নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। তারপর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে তার বিরুদ্ধে ক্ষোভ জমা হতে থাকে। আর সেই ক্ষোভকে নজরে রেখেই সিধুকে নিষিদ্ধ ঘোষণা করলো সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, সিধু দাবি করেছেন কয়েকজন মানুষের জন্য গোটা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনুচিত হবে ভারতের জন্য। আর এই মন্তব্য ঘিরেই বিতর্ক দানা বাঁধে। পাক প্রধানমন্ত্রী ইমারানের খানের বিশেষ বন্ধু সিধুর মন্তব্য ঘিরে তোলপাড় হয় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। যেখানে শহিদের মৃত্যু শোকে গোটা ভারত ক্ষোভে ফুঁসছে সেখানে কী করে সিধু এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে উঠে প্রশ্ন।