বিনোদন ডেস্ক : একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করে ফেলেছেন দু’জনে ৷ তাদের মধ্যে নাকি দারুণ কেমিস্ট্রি ৷ নায়ক-নায়িকা হিসেবেও বেশ সফল তারা ৷ একজন হলেন মিমি চক্রবর্তী আর অন্যজন হলেন অঙ্কুশ ৷ তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব সে কথা ইন্ডাস্ট্রির প্রায় সবাই-ই জানেন ৷ যে সময়গুলো তারা একসঙ্গে থাকেন, সে সময় নাকি হুল্লোড় আর মজায় কাটে ৷ হাসি-ঠাট্টায় মেতে ওঠেন দু’জনেই ৷ এবার এক নতুন মজায় মজলেন এই জুটি।
কিছুদিন আগে নিজের ফিটেস্ট বডির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মিমি ৷ আর সেই ছবিতে খোঁচা উড়ে এসেছিল অঙ্কুশের ৷ তিনি সে সময় জিজ্ঞাসা করেছিলেন,‘কোন অ্যাপ রে?’৷ অর্থাৎ কোনও অ্যাপের সাহায্য নিয়ে নাকি নিজের ছবিকে নির্মেদ করেছিলেন মিমি ৷ তবে চুপ করে থাকেননি মিমিও ৷ মিমি পাল্টা বক্তব্য ছুঁড়ে দেন ৷ তিনি বলেন, ‘যে অ্যাপটি তুমি ব্যবহার করেছিলে৷’ অর্থাৎ অ্যাপের সাহায্য নিয়েই নাকি পেশীবহুল শরীর পেয়েছেন অঙ্কুশ ৷
মজা কিন্তু এখানেই থেমে থাকেনি ৷ অঙ্কুশ মিমির ছবির সঙ্গে নিজের ছবি জুড়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ যেখানে মিমির মতো পোজ দিয়ে অঙ্কুশকে ছবি তুলতে দেখা গিয়েছে ৷
সেই ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘আমি তার (মিমি) ছবি দেখে বড় হয়েছি ৷ এখনও মনে আছে, যখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়তাম, তখন ‘বোঝে না সে বোঝে না’ মুক্তি পেয়েছিল ৷ আর আজ আমি একজন গর্বিত ভক্ত ৷ আমার স্বপ্ন সুন্দরীর মতো শুধু একটু চেষ্টা করলাম ৷’ যদিও বোঝাই যাচ্ছে নায়িকাকে রাগানোর জন্যই অঙ্কুশের এই ফন্দি ৷