বিনোদন ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা চরমে। হামলা-পাল্টা হামলায় যুদ্ধের দ্বারপ্রান্তে এশিয়ার এই দুই পরাশক্তি। এ ঘটনায় জড়িয়ে পড়েছেন দুই দেশের ক্রিকেটার ও শোবিজ জগতের তারকারাও। এক্ষেত্রে পাকিস্তানি খেলোয়াড় ও শোবিজ তারকাদের একটু চুপ দেখা গেলেও বলিউড তারকা ও ক্রিকেটারদের বেশ উত্তেজিত দেখা যাচ্ছে।
একের পর এক প্রতিক্রিয়া জানিয়ে কঠিন পরিস্থিতির ইঙ্গিতই দিচ্ছেন বলিউডের শোবিজ জগতের তারকা হতে শুরু করে ক্রিকেট তারকারা পর্যন্ত।
সেক্ষেত্রে একটু ব্যতিক্রমই দেখা গেল পাকিস্তানের দুই জনপ্রিয় নায়িকাকে। তারা হলেন- মাহিরা খান ও মাওরা হোকানে। এই দুই নায়িকা যুদ্ধের দামামার মাঝেও শান্তির বাণী শোনাচ্ছেন। তাদের এই শান্তির বাণীকে অনেকেই বলিউডকে উচিত শিক্ষা হিসেবে
দেখছেন। যেখানে বলিউড তারকারা যুদ্ধের জন্য একের পর এক কড়া বার্তা দিচ্ছেন। সেক্ষেত্রে শান্তির বাণী ছড়ালেন পাকিস্তানের এ দুই নায়িকা।
পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান টুইটারে লিখেছেন, যুদ্ধকে সমর্থন করার মতো ‘নোংরামি’ আর কিছু হতে পারে না। মাহিরার আশা, মানুষের কাণ্ডজ্ঞান জাগবে, যুদ্ধকে সমর্থন করা থেকে বিরত থাকবে।
মাহিরা খান আরও লিখেন, ‘যুদ্ধের জন্য উল্লাস করার চেয়ে নোংরামি, মূর্খতা আর কি হতে পারে? পাকিস্তান জিন্দাবাদ।’
পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী মাওরা হোকানে শান্তির পক্ষে অবস্থান নিয়ে টুইটারে লিখেছেন শান্তির বার্তা আগে।
বলিউডে ‘সনম তেরি কসম’-এ অভিনয় করে বিখ্যাত হওয়া এই নায়িকা আরও লিখেন, ‘শান্তির জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি!’