বিনোদন ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্বু-কাশ্মীর অঞ্চলের পুলওয়ামায় ঘটে জঙ্গি হামলার ঘটনা। তার জের ধরে ভারত-পাকিস্তানে যুদ্ধের উত্তেজনা রাজমান। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দুটি দেশ।
এদিকে যুদ্ধ শুরু হতে না হতেই বলিউডে হৈ চৈ পড়ে গেছে সিনেমা নির্মাণের। নাম নিয়ে চলছে কাড়াকাড়ি। বলিউডের প্রযোজক-পরিচালকদের মধ্যে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। কার আগে কে বানাবেন এই হামলা নিয়ে সিনেমা।
‘পুলওয়ামা: দ্য ডেডলি অ্যাটাক’, ‘পুলওয়ামা: অ্যাটাক ভার্সেস সার্জিক্যাল স্ট্রাইক ২.০’, ‘পুলওয়ামা’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’, ‘বালাকোট’ নামগুলো নেওয়া হয়ে গেছে। কেউ কেউ বিমান বাহিনীর অভিনন্দনকে নিয়েই বানাতে চাইছেন সিনেমা।
আলোচিত বেশ কিছু শব্দকে ছবির নামের জন্য জুতসই মনে করছেন বলিউড-সংশ্লিষ্টরা। সেগুলোর মধ্যে রয়েছে ‘অভিনন্দন’ (পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিক), ‘বালাকোট’ (পাকিস্তানের শহর), ‘পুলওয়ামা’ শব্দগুলো। ইতিমধ্যে ভারতে পাঁচটি প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশনে (ইম্পা) ছবির নাম নিবন্ধন করতে শুরু করেছেন।
ইতিমধ্যে এসব শব্দযোগে অন্তত ১০টি ছবির নামের আবেদন জমা পড়েছে। সেগুলো হলো ‘পুলওয়ামা: দ্য টেরর অ্যাটাক’, ‘পুলওয়ামা অ্যাটাক ভার্সেস সার্জিক্যাল স্ট্রাইকস ২.০ ’, ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০ ’, ‘বালাকোট’, ‘ওয়ার রুম’, ‘হিন্দুস্তান হামারা হ্যায়’, ‘দ্য অ্যাটাকস অব পুলওয়ামা’, ‘পুলওয়ামা টেরর অ্যাটাক’, ‘উইথ লাভ ফ্রম ইন্ডিয়া’, ‘এটিএস ওয়ান ম্যান শো’।