রবিবার, ০৩ মার্চ, ২০১৯, ১২:২৭:২৮

মা-বাবাকে নিয়ে আগুনের ‘না ফেরার দেশে’

মা-বাবাকে নিয়ে আগুনের ‘না ফেরার দেশে’

বিনোদন ডেস্ক: প্রয়াত সংগীতশিল্পী দম্পতি খান আতাউর রহমান ও নীলুফার ইয়াসমীনের সন্তান আগুন। এবার গানের মাধ্যমে তাঁদের স্মরণ করলেন আগুন। মা-বাবাকে নিয়ে ‘না ফেরার দেশে’ শিরোনামের একটি গান গেয়েছেন তিনি। অডিওর পর এরই মধ্যে গানটির ভিডিও নির্মিত হয়েছে। 

৩ মার্চ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এই গান-ভিডিওটি প্রকাশ করা হবে তাদের ইউটিউব চ্যানেলে। কথা লিখেছেন জুলফিকার জাহেদি, সুর ও সংগীতায়োজনে খায়েম আহমেদ। ভিডিও নির্মাণে মনজু আহমেদ। ভিডিওতে আগুনের সঙ্গে মডেল হয়েছেন তাঁর ছেলে মিছিলও। বাবার সঙ্গে গিটার বাজাতে দেখা যাবে তাকে।

আগুন বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে নানা বিষয়বস্তু নিয়ে গান করেছি। তবে এবারের গানটির গুরুত্ব আমার কাছে আলাদা। নিজের মা-বাবার পাশাপাশি পৃথিবীর সব মা-বাবার প্রতি সম্মান জানাচ্ছি গানটির মাধ্যমে। ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে, শ্রোতাদের মনও ছোঁবে আশা রাখি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে