বিনোদন ডেস্ক : বেশ কিছু দিন ধরেই সিনেমা হলে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাজানো হয়। তখন হলে উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে দেশকে সম্মান জানান। এই রীতি চলে আসছে অনেকদিন ধরেই।
এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আগেই হয়েছে। তবে বেশিরভাগ মানুষই এই বিষয়টির প্রশংসাই করেছেন। কিন্তু সিনেমা হলে জাতীয় সঙ্গীত শুরু হলেই আসন ছেড়ে উঠে দাঁড়াতে রাজি নন দেশের একটি স্বীকৃত রাজনৈতিক দল জনসেনার সুপ্রিমো পবন কল্যাণ।
এ ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে শনিবার পবন বলেন, ‘সিনেমা হলে গিয়ে জাতীয় সঙ্গীতের সময় সিট ছেড়ে উঠে দাঁড়াতে আমার ভাল লাগে না। এটা আমার একেবারেই পছন্দ নয়।’
অন্ধ্রপ্রদেশের কুর্নুলে শনিবার যুবাদের একটি অনুষ্ঠানে এ কথা বলেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা পবন। তিন বছর আগেও এক বার জাতীয় সঙ্গীত নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল পবনের বিরুদ্ধে।।
জনসেনা সুপ্রিমোর আরও প্রশ্ন, কেন সভা, সমাবেশ, বৈঠক কেন রাজনৈতিক দলগুলি জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে না? তা হলে সেটা সিনেমা হলে দেখানোর প্রয়োজনটা কোথায়? তার এই প্রশ্ন নিয়ে সবাই খুব বিরক্ত হয়েছে।
উল্লেখ্য, পবন কল্যান তেলুগু সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। দেশ-বিদেশেও তার অগণিত ভক্ত রয়েছে। তিনি মেগাস্টার চিরঞ্জিবির ভাই ও রামচরণের কাকা হন। আবার পবন কল্যানের বোনের ছেলে আল্লু অর্জুন।