বিনোদন ডেস্ক : ‘ইরফান খান মুম্বাইয়ে ফিরেছেন। কিন্তু তাঁকে নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। “হিন্দি মিডিয়াম টু” ছবির শুটিং শুরু হয়েছে ঠিকই, কিন্তু তাতে ইরফান খান অভিনয় করবেন কি না, তা নিশ্চিত না।’
গত ১৪ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন বলিউডের এই অভিনেতার ঘনিষ্ঠজন। এবার জানা গেল অন্য কথা। গতকাল শনিবার সকালে মুম্বাইর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ দেখা যায়, মুখে রুমাল বেঁধে কেউ একজন বেরিয়ে আসছেন।
প্রথমে চিহ্নিত করা না গেলেও পরে বিমানবন্দরে উপস্থিত চিত্রগ্রাহকদের ক্যামেরা তাকে চিনে ফেলে। মুহূর্তেই জানা যায়, আট মাস যুক্তরাজ্যের হাসপাতালে ক্যানসারের চিকিৎসা শেষে মুম্বাই ফিরেছেন ইরফান খান।
এদিকে বিমানবন্দরে উপস্থিত চিত্রগ্রাহকেরা ইরফান খানকে ঘিরে ধরার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই ক্যামেরার মুখোমুখি হতে চাননি তিনি। তাই তো মুখে রুমাল বেঁধে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের একটি জ্যাকেট।
স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত হয়েছিলেন। তার রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। তিনি যুক্তরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বছরের ৬ মার্চ ইরফান খান নিজেই টুইটারে প্রথম তার এই রোগের কথা সবাইকে জানান। এরপর তাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।